শেষটা স্বপ্নের মতো হলো না ব্রঙ্কহর্স্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের শেষ ম্যাচ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। এমন সৌভাগ্যের অধিকারী হয় খুব কম খেলোয়াড়ই। আর যদি সেই বিদায়টা হয় বিশ্বকাপ শিরোপাটা হাতে নিয়ে, তাহলে সেই বিদায়কে রাজকীয় বিদায়ই বলা যায়। আর এ রকম রাজকীয় বিদায়ের হাতছানিই ছিল ডাচ অধিনায়ক জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্টের সামনে। বিশ্বকাপের পরই অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন ব্রঙ্কহর্স্ট। স্বপ্ন ছিল বিশ্বকাপ জিতে রাজার মতো বিদায় নেওয়ার। কিন্তু শেষটা স্বপ্নের মতো হলো না। শিরোপাটা হাতে নেওয়া হলো না ব্রঙ্কহর্স্টের। ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স-আপ মেডেল গলায় ঝুলিয়েই বিদায় নিতে হলো ডাচ অধিনায়ককে। এবারের বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতেই ফাইনালে এসেছিল ব্রঙ্কহর্স্টের হল্যান্ড। কিন্তু ফাইনালে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলটাই ছিনিয়ে নিল ব্রঙ্কহর্স্টের শিরোপা হাতে বিদায় নেওয়ার স্বপ্ন। তবে হল্যান্ডের এই অর্জনেও গর্বিত ব্রঙ্কহর্স্ট। ‘বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলে বিদায় নিতে পারছি বলে খুব ভালো লাগছে।’ বলেছেন ব্রঙ্কহর্স্ট। ১৯৯৬ সালে ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ব্রঙ্কহর্স্টের। অধিয়ায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ২০০৮ সালে। এখন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ব্রঙ্কহর্স্টের। ডাচ ক্লাব ফেয়েনর্ড দিয়েই শুরু হয়েছিল ব্রঙ্কহর্স্টের ফুটবল ক্যারিয়ার। অবসরের পর এখন সেই ক্লাবেরই টেকনিক্যাল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি। হল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে ব্রঙ্কহর্স্টকে। হল্যান্ড দলটি ভবিষ্যতে আরও সাফল্যমণ্ডিত হবে—এ আশা নিয়েই বিদায় নিলেন ফন ব্রঙ্কহর্স্ট।