শেষটাই আসল প্রমাণ করল শ্রীলঙ্কা
মুদ্রা নিক্ষেপণে নির্ধারিত হয়ে গেল ম্যাচের ভাগ্যও! জিম্বাবুয়েতে তিন জাতি টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের সব ম্যাচেই জিতেছে পরে ব্যাট করা দল। কাল ফাইনালে টস জিতে ফিল্ডিং নিলেন তিলকরত্নে দিলশান এবং টুর্নামেন্টের ধারা বজায় রেখে তাঁর জিতল দলই । প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং, তার পর অধিনায়কের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি—৯ উইকেটের সহজ জয়ে টুর্নামেন্টের শিরোপা গেল শ্রীলঙ্কার ঘরে।গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই সেরা হওয়া ব্রেন্ডন টেলর কাল করতে পেরেছেন মাত্র ১৯। জিম্বাবুয়ের ইনিংসে বলার মতো স্কোর একমাত্র টাটেন্ডা টাইবুর ৭১। শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়ে যায় দিলশান-থারাঙ্গার ১৬০ রানের উদ্বোধনী জুটিতেই। ম্যাচসেরা দিলশান অপরাজিত ১০৮ করেছেন ১০২ বলে, ১৪ চারে। এই সেঞ্চুরি ছাড়াও তিন ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ৩২৮ রান শ্রীলঙ্কা অধিনায়কের। ৭৯ বলে ৭২ করে রান আউট হয়েছেন উপুল থারাঙ্গা। তিন ম্যাচ জিতে ফাইনালে আসা জিম্বাবুয়ের শেষটা হলো হতাশায়, সান্ত্বনা ব্রেন্ডন টেলরের সিরিজ-সেরার পুরস্কার। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে ৪৯ ওভারে ১৯৯ (মাসাকাদজা ৪, টেলর ১৯, টাইবু ৭১, আরভিন ৯, ল্যাম্ব ৩৭, চিগুম্বুরা ১০, কভেন্ট্রি ১৮, ক্রেমার ৫, উতসেয়া ১০*, প্রাইস ০, পোফু ৬; ফার্নান্ডো ৩/৩৬, জীবন মেন্ডিস ২/৩৬, অজন্তা মেন্ডিস ২/৪৪, কুলাসেকারা ১/১৭)। শ্রীলঙ্কা: ৩৪.৪ ওভারে ২০৩/১ (থারাঙ্গা ৭২, দিলশান ১০৮*, চান্ডিমাল ১৬*)।