শেষটাও ভালো হলো না বাংলাদেশের

শেষ, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ! কিন্তু শেষটাও যে ভালো হলো না বাংলাদেশের। মিরপুরে অস্ট্রেলিয়ার কাছে আজ ৭ উইকেটে হারের পর পরাজয়ের যাতনাটা দীর্ঘায়িতই হলো। দিনের পর দিন এমন পরাজয়ের সান্ত্বনা কী? গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সে রবি ঠাকুরের গানটাই যেন বারবার বাজে মনে—‘বড় বেদনার মতো বেজেছো তুমি হে আমার প্রাণে...।’
বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া ১১.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই তোলে ৯৮। এরপর আর ম্যাচের কীই বা বাকি থাকে? প্রথম ব্রেক থ্রু এনে দেন আল আমিন হোসেন। এ ডানহাতি পেসারের বলে বোল্ড হয়ে ডেভিড ওয়ার্নার ফিরেছেন ৪৮ করে। ওয়ার্নার ফিরলেও বাংলাদেশের আশা ‘খুন’ করতে উইকেটে ছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। আল আমিনের বলে ফেরার আগে করলেন ৪৫ বলে ৭১। ফিঞ্চ যখন ফিরলেন, ততক্ষণে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটা হয়ে গেল আরও আনুষ্ঠানিকতার। ২৯ বলে ও ৮ উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৯ রান। পরে গ্লেন ম্যাক্সওয়েল তাসকিন আহমেদকে দিলেন প্রথম আন্তর্জাতিক উইকেটের স্বাদ।
অভিষিক্ত তাসকিনের বোলিং অবশ্য মন্দ হয়নি। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে পেয়েছেন ম্যাক্সওয়েলের উইকেটটি। উইকেট প্রাপ্তির দিক দিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে ‘সফল’ আল আমিন, পেয়েছেন দুটি। এ টুর্নামেন্টেও বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আল আমিনই, নিয়েছেন ১০ উইকেট।
বল হাতে আজ সবচেয়ে হতাশ করেছেন সাকিব আল হাসানই। তবে এই সাকিবের ব্যাটে চড়েই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ স্কোর পেয়ে যায় আজ। তখনো একটা অঘটনের আশা ঝিলিক দিয়ে যাচ্ছিল। প্রথম আলোকে দেওয়া তাঁর সাক্ষাত্কার বেশ শোরগোল ফেলেছিল। সাকিবের মন্তব্যে ইতিবাচক-নেতিবাচক আলোচনার-সমালোচনার ঝড় তো রয়েছেই, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম অবধি তার রেশ পৌঁছে গেছে। সব সমালোচনার একটাই জবাব—পারফরম্যান্স। ব্যাট হাতে ভালোভাবেই তা দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছুঁয়েছেন ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি। বলিঞ্জারের বলে ফেরার আগে করেছেন ৫২ বলে ৬৬। কিন্তু বল হাতে বড্ড বেশি উদার হয়ে গেলেন সাকিব। দিলেন ৩ ওভারে ৩৬, নেই কোনো উইকেট।
মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে শুরুতেই। ১২ রান তুলতেই ফিরে যান তামিম ইকবাল ও এনামুল হক। তবে সেটি সামলে ওঠে সাকিব-মুশফিকের ১১২ রানের তৃতীয় উইকেট জুটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো দলের এটি তৃতীয় সেরা জুটি। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সেরা জুটি। এর আগের রেকর্ড ছিল ১০৯ রানের। আফতাব আহমেদ ও মোহম্মদ আশরাফুল ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রান তুলেছিলেন।
ব্যাট হাতে গত কয়েক ম্যাচের তুলনায় আজ কিছুটা ভালো করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে শেষ কয়েকটি ওভারে বাংলাদেশের রান উঠেছে তুলনামূলক শ্লথগতিতে। শেষ ৫ ওভারের ঝড় তোলার ভিত্তিটা ভালো মতোই তৈরি করেছিলেন মুশফিক-সাকিব। হাতে ছিল আট উইকেট। অথচ বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৩৭। শেষের ওভারে যেখানে ঝোড়ো ব্যাটিং করার কথা, অথচ এই পাঁচ ওভারে বাংলাদেশ চার মারতে পারল মাত্র তিনটি। নিঃসন্দেহে বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কম পুঁজি পেয়েছে। তবে এই আক্ষেপে বেশিক্ষণ বাংলাদেশি সমর্থকদের পুড়তে দিল না অস্ট্রেলিয়া। ব্যাট হাতে যেভাবে উড়িয়ে দিল, তাতে আরও ২০-২৫ রান বেশি হলেও হয়তো খুব একটা লাভ হতো না তাতে!