শেষটাও হলো নারাইনময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ম্যাচ যেন প্রায় সব দিক থেকেই অনুসরণ করল চতুর্থ ম্যাচকে। আবারও টস জিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং, শুরুতে বিপর্যয়, স্যামুয়েলসের স্থিতধী ব্যাটিং, এক টি-টোয়েন্টি স্পেশালিস্টের ওয়ানডে ক্যারিয়ারের মন্থরতম ফিফটি, শেষে রাসেল-ঝড়। নিউজিল্যান্ড ইনিংসে আবারও প্রথম ওভারে টিনো বেস্টের উইকেট, থিতু হয়েও কিউই ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে না পারা। আগের ম্যাচের মতোই শেষ ৭ ওভারে প্রয়োজন ঠিক ৫০ রান। পরাজয়ের ব্যবধানও কাছাকাছি, ২৪ রানের পর এবার ২০ রানের হার নিউজিল্যান্ডের।ম্যাচসেরায়ও মিল, আবারও সুনিল নারাইন। তবে পার্থক্য একটু থাকল। আগের ম্যাচে বেস্ট ৪ উইকেট পেলেও নারাইন ম্যাচসেরা হয়েছিলেন মূলত কিপটে বোলিংয়ে। পরশু কিপটে বোলিংয়ের সঙ্গে এল উইকেটও। রহস্য স্পিনার ক্যারিয়ারে প্রথমবার পেলেন ৫ উইকেট। ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজ-সেরাও নারাইন। যে যুগে ওভারপ্রতি ৫ রান দেওয়াকেও মনে করা হয় ভালো, সেখানে রান দিয়েছেন ২.৯২ করে! কিউইরা পাখা মেলতে পারল না মূলত নারাইন-রহস্যের কূলকিনারা না পেয়েই।৭ ওভারের প্রথম স্পেলে মাত্র ২০ রান দিয়ে নারাইন তুলে নিয়েছেন দুই বিপজ্জনক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিলকে। শেষ দিকে যখন কিউইদের রান চাই বলে বলে, তখন ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে আরও ৩ উইকেট। এর মধ্যে ছিল হুমকি হয়ে ওঠা উইলিয়ামসন ও অ্যান্ড্রু এলিসের উইকেট দুটিও।সকালটা কিউইদের জন্য শুরু হয়েছিল দারুণভাবে। ক্রিস গেইলসহ ক্যারিবিয়ান টপ অর্ডারের ৩ উইকেট তুলে নিয়েছিল ৩৭ রানেই। চতুর্থ উইকেটে স্যামুয়েলসকে নিয়ে ব্রাভো গড়েন ৬০ রানের জুটি। এমনিতে আক্রমণাত্মক ব্রাভো খেলছিলেন পরিস্থিতির দাবি মিটিয়ে। তবে ৯৩ বলে ৫৩ করে যখন ফিরলেন, ১৮০ রানে ৮ উইকেট হারিয়ে দুই শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় দল। সেখান থেকে ৪০ বলে ৫৯ করে দলকে আড়াই শর কাছাকাছি নিয়ে যান আন্দ্রে রাসেল।২৫ জুলাই থেকে অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪১/৯ (রাসেল ৫৯*, ব্রাভো ৫৩, স্যামুয়েলস ৪৩, টমাস ২০; সাউদি ৩/৩৭, মিলস ৩/৪০, এলিস ২/৩৭)। নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২২১ (উইলিয়ামসন ৬৯, গাপটিল ৩৩, ম্যাককালাম ৩৩, টেলর ২৮, এলিস ২৮; নারাইন ৫/২৭, ব্রাভো ২/৩০, বেস্ট ২/৫৮)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে জয়ী (সিরিজ ৪-১-এ জয়ী)। ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: সুনিল নারাইন।