শেষটায় অতৃপ্তি রইল
বাংলাদেশের খেলোয়াড়দের চোখমুখ অন্ধকারে ঢাকা। যেন এই মাত্র কোনো দুঃসংবাদ শুনেছেন। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে ৪-০ স্কোরলাইন মোটেও খুশি করতে পারেনি বাংলাদেশ দলের কাউকেই।শেষ বাঁশির সঙ্গে সঙ্গে বাংলাদেশ ডাগ-আউটে হতাশার মেঘ উড়ল। এমনিতে কালকের দশরথ স্টেডিয়ামের আকাশ ছিল মেঘলা। তার ওপর স্থানীয় রাজনৈতিক দলের ডাকা হরতালে গোটা কাঠমান্ডুই দিনভর অচল। যেন কারফিউ চলছিল!বাংলাদেশের খেলোয়াড়দের মুখ থেকেও কথা হারিয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। স্তব্ধ, বিস্মিত সবাই। মারিয়ানার বিপক্ষে আর কয়েকটা গোল পাওয়া খুবই সম্ভব ছিল। অধিনায়ক মামুনুল বললেন, ‘ওরা ডিফেন্সে ১০ জন নামিয়ে রাখলে কী করবেন আপনি। গোল করাই তো কঠিন হয়ে পড়েছিল।’ ওয়ালির কথা, ‘গোল হওয়া উচিত ছিল আট-দশটিরও বেশি। চারটির বেশি পারলাম না। খারাপই লাগছে।’স্বপ্নটা অবশ্য শেষ নয়। চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা বেঁচে আছে। এই সান্ত্বনা নিয়ে হোটেলে ফিরে রাতে কেনাকাটায় বেরিয়েছেন খেলোয়াড়েরা। আজই বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকায় নামছে দল।কোচ লোডভিক ডি ক্রুইফও ঢাকায় ফিরছেন দলের সঙ্গে। তবে বিমানবন্দর থেকেই উঠবেন হল্যান্ডের বিমানে। শেষটা মনমতো না হওয়ায় খানিকটা হতাশ এই ডাচ কোচ। সংবাদ সম্মেলনে কাটাছেঁড়া করলেন ম্যাচটা, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি। এত সুযোগ পেয়ে মাত্র ৪ গোল হতাশারই। আমি স্কোরলাইনে মোটেও খুশি নই। আরও বেশি গোল করা উচিত ছিল।’এরপর তাঁর সংযোজন, ‘মারিয়ানার মতো দলের বিপক্ষে খেলা কঠিনই। ওরা রক্ষণে সবাইকে নামিয়ে রেখেছিল। আমাদের কাজটা কঠিন হয়ে যায় এতে। গোল করার জায়গা পাওয়া যাচ্ছিল না।’ ওদিকে মারিয়ানার কোচ কু খেন খুব খুশি। বাংলাদেশকে ‘রুখে’ দিয়ে ফুরফুরে মেজাজে এলেন সংবাদ সম্মেলনে। ৪-০ ব্যবধানে হারটা ঠিক বোঝাতে পারছে না এই ম্যাচ কতটা স্বস্তিদায়ক ছিল মারিয়ানার কাছে। ‘আমরা মাঠে নেমেছিলাম কম গোল খাওয়ার লক্ষ্য নিয়ে। সেটা পেরেছি। আমরা সফলই হয়েছি ম্যাচে’—কু যেন জিতে উঠলেন ম্যাচটা! বাংলাদেশের জন্য এ সফরটা ভালোই কেটেছে। ফিলিস্তিনের কাছে ভালো খেলেও ১-০ হার। নেপালের বিপক্ষে ২-০ জয়। বাংলাদেশ কোচ বেশ সন্তুষ্টই, ‘আমি অবশ্যই ছেলেদের পারফরম্যান্সে খুশি। এই প্রতিযোগিতায় আমরা ভালোই করেছি। উন্নতির জায়গা আছে ঠিকই। তবে বাংলাদেশ দল নিয়ে প্রথম সফর শেষে আমি খুশি মন নিয়েই ফিরছি।’জুনে আনুষ্ঠানিকভাবে নেবেন বাংলাদেশের দায়িত্ব। এর আগে সপ্তাহ খানেকের জন্য ঢাকায় আসার ইঙ্গিত দিয়ে রাখলেন ক্রুইফ, ‘জুনের আগে একবার আসার চিন্তাভাবনা করছি। ঘরোয়া কিছু খেলা দেখার ইচ্ছা আছে আমার। তবে এটা এখনো চূড়ান্ত নয়।’বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য কিছু করণীয় দিয়ে যাচ্ছেন কোচ। খাওয়ার তালিকা থেকে শুরু করে থাকছে ফিটনেস টিপসও। ‘কোনো খেলোয়াড় নিজেকে ফিট না রাখতে পারলে বাদ পড়ে যাবে’—ক্রুইফ ফিটনেসের ব্যাপারে বেশ কঠোর।এই কঠোরতার মধ্যে সুজন কি থাকবেন? গতকালের ম্যাচে অবসরের ঘোষণা দিয়ে শেষে দেখা গেল ম্যাচেই নামার সুযোগ পাননি। সবাই যখন খুশি মনে ফিরছেন, মূল অধিনায়কের মুখটা কিনা ভার!