শেষটায় পাকিস্তানকে হারানোর তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ চারে যাওয়া হয়নি। ব্রিসবেনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুবদলের আসল দৌড়টা থেমেছে শেষ আটে। এ নিয়ে বাংলাদেশ দলে অনেক হতাশা আছে। বাংলাদেশ দল মনে করে, আরও সামনে যাওয়ার ক্ষমতা তাদের ছিল। সেই দিক থেকে টুর্নামেন্টে সপ্তম হওয়াটা কোনো প্রাপ্তি নয়। কিন্তু এটা যদি অর্জিত হয় পাকিস্তানকে হারিয়ে, তাহলে একটু মানসিক তৃপ্তি তো থাকেই।যুব বিশ্বকাপ থেকে এই তৃপ্তিটা নিয়েই আজ ব্রিসবেন ছাড়ছে বাংলাদেশ। পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হার ছিল ৪ উইকেটে। কাল পাকিস্তানের বিপক্ষে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে অধিনায়ক আনামুলের সেঞ্চুরিতে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তান-বধ। একেবারে কম কী! যেকোনো পর্যায়ের ক্রিকেটেই পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাহাত্ম্য আলাদা।যুব বিশ্বকাপে বাংলাদেশ প্লেট পর্বে তিনবার চ্যাম্পিয়ন, কাপে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলল। এসব পরিসংখ্যান বলবে না, এই যুব বিশ্বকাপটা নিজের করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আনামুল হক! দুটি সেঞ্চুরি নিয়ে ছয় ম্যাচে তাঁর রান ৩৬৫। এই টুর্নামেন্টে আর কারও দুটি সেঞ্চুরি নেই, এত রানও নেই। গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেঞ্চুরি (১০১) করেন আনামুল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হতে চলেছেন এই তরুণ। দক্ষিণ আফ্রিকার চাড বাওয়েস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৯৫ রান করতে পারলেই কেবল ছাড়িয়ে যাবেন আনামুলকে। তা যদি হয়ও, আনামুলের ব্যাটিং এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা প্রাপ্তি।প্রশংসা প্রাপ্য লিটন দাস, আসিফ আহমেদেরও। তাঁরা আনামুলকে যোগ্য সমর্থন দিয়েছেন। কাল ওপেনার লিটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে আনামুল গড়েছেন ১৭৯ রানের বড় জুটি। আনামুল ৫টি চার ও ৮টি ছয় থেকে ১১২ বলে করেন ১২৮, লিটন ৫৩। পাকিস্তানের বেঁধে দেওয়া ২৩৫ রান বাংলাদেশ অনায়াসেই টপকে গেছে ২২ বল ও ৫ উইকেট হাতে রেখে। জয়ের জন্য প্রয়োজন যখন ৩ রান, নুরুল হাসান ম্যাচ শেষ করেছেন ছয় মেরে।ব্রিসবেন থেকে বাংলাদেশ কোচ সারোয়ার ইমরান কাল টেলিফোনে জানালেন, টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া বাংলাদেশ ৬৪ রানে পাকিস্তানের ৪ উইকেট তুলেই ম্যাচে জেঁকে বসে। তবে শেষ ছয় ওভারে পাকিস্তান ৭৫ রান করে লড়াকু স্কোর দাঁড় করায়। তাসকিন তিনটি, সাব্বির ও আল আমিন নেন দুটি করে উইকেট।এরপর দুর্দমনীয় আনামুলের কাছে পাকিস্তানের পেস, স্পিন সব অস্ত্রই খাবি খেয়েছে। সারোয়ার ইমরান বলছিলেন, ‘দিনটা ছিল আনামুল-লিটনের। লিটন দারুণ সমর্থন দিয়েছে। দুর্দান্তভাবে পাকিস্তানের বোলিং আক্রমণ সামলেছে ওরা।’ কাপ পর্বে খেলার প্রাথমিক লক্ষ্যপূরণ হলেও অখুশি বাংলাদেশ কোচ, ‘আমাদের ফাইনালে খেলার যোগ্যতা ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরেই সব শেষ হলো। তবে শেষটা পাকিস্তানকে যেভাবে হারাল ছেলেরা, তাতে একটা তৃপ্তি অন্তত থাকছে। কোয়ার্টার ফাইনালেই আমরা বিদায় নিতে চাইনি।’