শেষবেলার আক্ষেপ বাংলাদেশের
১২৫ রানে চার উইকেট পতনের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তাঁরা গড়েছিলেন ১২৩ রানের জুটি। সাকিব-মুশফিকের ব্যাটেই আজ প্রথম দিনটা পার করে দেওয়ার আশা করছিলেন বাংলাদেশ সমর্থকরা। কিন্তু দিনের শেষভাগে বাংলাদেশ শিবিরে বড় আঘাত হানেন জিম্বাবুয়ের বোলাররা। সাকিব ও মুশফিক, দুজনেই ফেরেন সাজঘরে। শেষবেলার এই আক্ষেপ সঙ্গী করেই আজ প্রথম দিন শেষ করেছে মুশফিক বাহিনী। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০০ রান। ৩৭ রান করে অপরাজিত আছেন নাসির হোসেন।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করে এগিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও জহুরুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দেন কেগান মেথ। ২৪ রান করে ফিরে যান জহুরুল। কয়েক ওভার পরে মাসাকাদজার শিকারে পরিণত হন আশরাফুল। তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন তামিম ও মমিনুল হক। কিন্তু দলীয় ১০০ রানের কোটা পূর্ণ হবার পরই বাধে বিপত্তি। দুর্ভাগ্যজনকভাবে রানআউটের ফাঁদে পড়েন তামিম ইকবাল। ৪৯ রান করে আউট হন এই বামহাতি ওপেনার। চার ওভার পরে চিগুম্বুরার বলে দুর্বল এক শট খেলে আউট হন মমিনুল। সাজঘরে ফেরার আগে তিনি করেছিলেন ২৩ রান। পঞ্চম উইকেটে ১২৩ রানের ধৈর্য্যশীল জুটি গড়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম। ৮১ রান করে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতকটির দিকেও এগিয়ে যাচ্ছিলেন সাকিব। কিন্তু ঐ ৮১ রানেই তাঁকে আটকে দেন চিগুম্বুরা। স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সাকিব। কয়েক ওভার পরে অধিনায়ক মুশফিকও আউট হন ৬০ রান করে।জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর জায়গায় খেলছেন মমিনুল হক। তামিম ইকবালকে জায়গা করে দিতে সরে দাঁড়াতে হয়েছে শাহরিয়ার নাফীসকে। রুবেল হোসেনের জায়গায় দীর্ঘদিন পর দলে ফিরেছেন বামহাতি পেসার সাজিদুল ইসলাম। পেস সহায়ক জিম্বাবুইয়ান উইকেটের কারণেই কি না, স্পিনার এনামুল হক জুনিয়রকে বসিয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার জিয়াউর রহমানের।