শেষবেলায় ভারতের অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী হলে কী হতো’—এই হিসাবের কোনো মূল্য ক্রিকেটে নেই। তার পরও মানুষের মন বলে কথা! মহেন্দ্র সিং ধোনির কি একটুও আফসোস হচ্ছে না? টানা ১১ টেস্টে ফিফটির বিশ্ব রেকর্ড ছোঁয়ার দিনটিতেও কি মনটা একটু খচখচ করছে না বীরেন্দর শেবাগের?শূন্যতে বীরেন্দর শেবাগের হাতে জীবন পেয়ে শেন ওয়াটসন করেছেন ১২৬। প্রথম দিনই ধোনি যখন টিম পেইনের ক্যাচ ছাড়লেন, তখন রানের খাতা খোলেননি অস্ট্রেলীয় উইকেটরক্ষকও। কাল ভারতীয় বোলারদের যথেষ্ট যন্ত্রণা দিয়ে পেইন করেছেন ৯২। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪২৮ রান থেকে এই দুজনের রান বাদ দিলে থাকে ২১০। এই উইকেটে অস্ট্রেলিয়াকে ২১০ রানে বেঁধে ফেলা মানে তো বলতে গেলে ম্যাচটাই অর্ধেক জিতে যাওয়া!ক্যাচ ছাড়ার মাশুল ভারতকে কতটা দিতে হবে সেটা সময়ই বলবে। তবে ধোনিদের দিনটাও শেষ হয়েছে একটা অস্বস্তি নিয়ে। অস্ট্রেলিয়ার ‘মান্ধাতার আমলের’ ইনিংসের জবাব ভারত দিচ্ছিল ‘আধুনিক’ ক্রিকেট খেলেই। ৮০ বলে ৮১ রানের জুটি গড়ে ভারতকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন শেবাগ-গম্ভীর। কিন্তু শেষ বিকেলে দুজনকেই ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়েছেন মিচেল জনসন। এত সব অস্বস্তির মাঝেও ভারতের স্বস্তি—অস্ট্রেলিয়ার রানটা নাগালের বাইরে যেতে দেয়নি তারা। ১৫১ ওভার ব্যাটিং করলে কিছুদিন আগেও অস্ট্রেলিয়া ছয় শর বেশি রান করে ফেলত। প্রায় নিয়মিত ওভারপ্রতি চার রান তুলে টেস্ট ব্যাটিংয়ের খোলনচেটাই পাল্টে দিয়েছিল যে দল, দেড় শ ওভার ব্যাটিং করেও তারাই তুলতে পারল মোটে ৪২৮। নিষ্প্রাণ উইকেটে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলায় বড় ভূমিকা জহির খানের।দলের সঙ্গে গত শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন, কিন্তু চোটের কারণে ফিরে আসতে হয়েছে একটি ম্যাচ না খেলেই। জহিরকে হারিয়ে ধোনির কণ্ঠে সে কী হাহাকার! চোট কাটিয়ে দলে ফিরে প্রথম টেস্টেই জহির বুঝিয়ে দিলেন, কেন তাঁর ওপর এত আস্থা অধিনায়কের। শ্রীলঙ্কায় চরম ব্যর্থ ভারতীয় পেসাররা দায় দিয়েছিলেন মরা উইকেটের। জহির দেখিয়ে দিলেন নিষ্প্রাণ উইকেটে কীভাবে প্রাণ সৃষ্টি করতে হয়। ক্যাচ না পড়লে প্রথম দিনই পাঁচ উইকেট হয়ে যেত। কাল অবশ্য টেস্ট ক্রিকেটে দশম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন। ভারতীয় পেসারদের মধ্যে জহিরের চেয়ে বেশি পাঁচ উইকেট আছে এখন কেবল কপিল দেবের (২৩টি)।প্রথম দিন শেষ সেশনে মাত্র ৪৫ রান তোলা অস্ট্রেলিয়া কাল প্রথম সেশনেও এগিয়েছে শম্বুকগতিতে। প্রথম সেশনে ওয়াটসনকে হারিয়ে ২৯ ওভারে তুলেছিল মাত্র ৭১। ওয়াটসনের ৭ ঘণ্টা ৪১ মিনিটের ইনিংস শেষ হওয়ার পর মনে হচ্ছিল দ্রুতই গুটিয়ে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু পেইনের সঙ্গে দীর্ঘদিন পর রানে ফেরা জনসন ও হিলফেনহসের কার্যকরী দুটি ইনিংসে চার শ পেরোয় পন্টিংয়ের দল। সূত্র: নিও ক্রিকেট ও ওয়েবসাইট।