শেষবেলায় মাতিয়ে দিলেন মেয়েরা
বিশ্বকাপে বিদায়ের ক্ষণটা স্মরণীয়ই করে রাখলেন বাংলাদেশের মেয়েরা।
আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়ে সালমার দল ঘরের মাঠে বিশ্বকাপে ইতি টানল জয় দিয়ে। ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের স্থান নবম। সেরা আটে থাকলে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র মিলত। সেটি হয়তো হলো না। তবে ছেলেদের ব্যর্থতার পাশে মেয়েরা শেষ দুটি ম্যাচ জিতে অন্তত খানিক আনন্দ নিয়ে ঘরে ফিরছে।
সিলেটবাসীও গত ১৯ দিন ক্রিকেটে বুঁদ থেকে অবশেষে স্বাভাবিক জীবনযাত্রায় মন দেওয়ার ফুরসত পেল। এত দিন তো চারদিকে শুধু ক্রিকেট, ক্রিকেট রব। কাল রাত সাড়ে ১০টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ শেষেও গ্যালারি ভরা। লোকে আনন্দ করছে। বাংলাদেশের জয়ে তৃপ্তি খেলা করল সবার চোখমুখে।
আয়ারল্যান্ডের উইকেট পড়লে উল্লাসে গোটা এলাকা হচ্ছিল প্রকম্পিত। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে টিকিট পেয়েছেন দর্শকেরা। প্রতিদিনই হাজারো নারী-পুরষ, তরুণ-তরুণীর হাত ধরে শিশুরাও নিয়েছে এই উৎসবের স্বাদ।
আবার কবে এমন আয়োজনে সাজবে সিলেট? মিলনমেলা ভাঙার সময় প্রশ্নটা থাকল অনেকেরই মুখে। ভবিষ্যৎই দেবে এর উত্তর। তবে একটা ব্যাপার নিয়ে আশাবাদী ছিল সবাই, আয়ারল্যান্ডকে হারাবে বাংলাদেশ। সেটি শুধু দুই দলের আগের একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছিল বলেই নয়, এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশরা ভালো খেলতে পারেনি একটুও। হেরেছে সব ম্যাচেই।
ফিল্ডিংয়ে কাল বাংলাদেশ অন্তত ১৫-২০ রান উপহার পেয়েছে। বার কয়েক বলে হাত লাগিয়ে চার বানিয়ে দিয়েছেন আইরিশরা, যেটি হয়তো এক-দু রান হতো বড়জোর। তাই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান এদিন করে ফেলল বাংলাদেশ (১০৬)।
যথারীতি গোটা দুয়েক ক্যাচ পড়লেও তা সালমাদের জয়ের পথে বাধা হয়নি। ৫৯ থেকে ৭১ রানে বৃষ্টির মতো ৫ উইকেট হারিয়ে আইরিশরা দুঃস্বপ্নের ঘেরাটোপেই থাকল। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব তো আছেই, তবে আইরিশদের ব্যাটিংও ছিল ভুলে ভরা। বলের লাইনে যেতে পারেননি বেশির ভাগ ব্যাটার। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন।
পেসার পান্না ঘোষ নিয়েছেন ৩ উইকেট। জয়টা সহজই হয়ে গেল তাঁর হাত ধরে। জয়োৎসব করতে করতেই ফিরল সবাই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৬/৭ (শারমিন ৩৫, রুমানা ১৬, আয়েশা ১২; ও’রিলি ৩/১৫, ইসোবেল জয়েস ২/১৭, ম্যাকার্থি ২/১৯)। আয়ারল্যান্ড: ১৯.৩ ওভারে ৮৯ (সিসিলিয়া ১৯, মেলিসা ১৬, ডেলানি ১৪*; পান্না ৩/২৫, সালমা ২/৮, ফাহিমা ১/১১, রুমানা ১/১৮)
ফল: বাংলাদেশ ১৭ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: পান্না ঘোষ।