শেষশয্যার অপেক্ষায় জুম্মন

প্রয়াত ফুটবলার মোনেম মুন্না আবাহনী ক্লাবে ঢুকেই লম্বা করে হাঁক দিতেন, ‘পাহাড়ি কই?’ জুম্মন লুসাই জবাব দিতেন, ‘এই যে “কুকরাইন্যা” আমি এখানে।’ এঁদের মাঝখানে ছিলেন আবাহনীর সাবেক হকি খেলোয়াড় ও কর্মকর্তা জাহিদুর রহমান পুশকিন।
তিনজন ছিলেন হরিহর আত্মা। ১০ বছর আগে মাস খানেকের ব্যবধানে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন মুন্না ও পুশকিন। পরশু তাঁদের অনুগামী হলেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই। কী অদ্ভুত, প্রায় একইভাবে! আবাহনী ক্লাব থেকে অসুস্থতা, পরে হাসপাতালের শয্যা, তারপর আর নেই...।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কাল সকালে ধানমন্ডির প্রিয় ক্লাব-উঠানে এলেন জুম্মন লুসাই। যে ক্লাবে সারা দিন শিশুদের নিয়ে খেলতেন, সেখানেই নীরবে শুয়ে রইলেন কফিনবন্দী জুম্মন। ফুলে ফুলে ঢাকা। শ্রদ্ধায়, ভালোবাসায় সিক্ত জুম্মনকে আবাহনীর পতাকা দিয়ে ঢেকে রাখা হয়। ক্লাবের পতাকা রাখা হয় অর্ধনমিত। পরে এল কালো পতাকা।
শীতে মোড়া সকালটিতেও জুম্মনকে এক নজর দেখতে ভিড় জমেছিল আবাহনী ক্লাবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম (ববি), সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ (চুন্নু), সাবেক ক্রিকেট অধিনায়ক গাজী আশরাফ হোসেন (লিপু), ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক, সাবেক হকি খেলোয়াড় মাহবুব হারুন, ক্রিকেটার জাভেদ ওমর, হকি খেলোয়াড় জাহিদ হোসেন, সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক অ্যাথলেট রাজিয়া সুলতানা অনুসহ অনেকে। প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বিকেএসপি রওনা হওয়ার আগে আবাহনীর ফুটবল কোচ জর্জ কোটান এবং সব ফুটবলার ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ব একাদশে খেলা বাংলাদেশের একমাত্র হকি তারকাকে। ক্লাবের এমন কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে আবাহনী প্রীতি ম্যাচটি পেছাতে পারত কি না, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা।
কাল শেষবারের মতো দেখতে এলেন জুম্মনের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম সুরভি ও পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমান। আবাহনী ক্লাবের কর্মচারী শেখ নেহালের ছোট্ট মেয়ে আনিকাও জুম্মনের লাশের পাশে দাঁড়িয়ে চোখ মুছল। নেহালের স্ত্রী মল্লিকা শেখ বলছিলেন, ‘প্রিয় জুম্মন আঙ্কেলের শোকে গত দুই দিন কিছুই মুখে তুলছে না মেয়েটা।’
আবাহনী ক্লাব থেকে দুপুরে জুম্মনের মরদেহ নেওয়া হয় হকি ফেডারেশনে। সেখানে সব ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মকর্তারা। তবে হকি ফেডারেশনের সভাপতি বা তাঁর কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।
জুম্মনের মরদেহ কালই নিয়ে যাওয়া হয়েছে সিলেটে। সিলেট মেডিকেল কলেজের হিমঘরে রাখা হবে তাঁকে। নয়াসড়ক খ্রিষ্টান কবরস্থানে শেষশয্যায় শয়ন সম্ভবত বৃহস্পতিবার। ভারতের মিজোরাম থেকে স্ত্রী ও সন্তানদের এসে পৌঁছানোর জন্যই এখন দুই দিনের অপেক্ষা।