শেষে এসে পন্টিংয়ের প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বিশ্বকাপজয়ী দলে খেলেছেন, এর দুটিতে নেতৃত্বও দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন টানা দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গদাটাও অস্ট্রেলিয়া নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল তাঁর সময়ে। কিন্তু নিজ দেশের সেরা টুর্নামেন্টের শিরোপার স্বাদ পাননি একবারও! চোখ ধাঁধানো সাফল্য আর হাজারো প্রাপ্তিতে ভরা ক্যারিয়ারে তাঁর সবচেয়ে বড় অপূর্ণতা ছিল এটা। গোধূলিবেলায় এসে ঘুচে গেল সেই অপূর্ণতাও। অভিষেকের ২০ বছর পর অবশেষে শেফিল্ড শিল্ড ট্রফি ছুঁয়ে দেখলেন রিকি পন্টিং! এবারের শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেছে তাসমানিয়া। কুইন্সল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটি ড্র হয়েছে, তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় শিরোপা জিতেছে টাইগাররা। রাজ্যের গর্ব পন্টিংকে নিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে নিজেদের মাঠ বেলেরিভ ওভালেই। ২০১০-১১ মৌসুমেও শিরোপা জিতেছিল তাসমানিয়া, জিতেছিল ২০০৬-০৭ মৌসুমেও। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে ব্যস্ত পন্টিং তখন কোনোবারই ছিলেন না দলে। গত মৌসুমে খেলেছিলেন, কিন্তু ফাইনালে তাসমানিয়া হেরে যায় কুইন্সল্যান্ডের কাছে। শুধু জয়ের অংশ হওয়াই নয়, এই শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদানও পন্টিংয়ের। ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৭৫.৯১ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৯১১ রান করেছেন তিনিই, ক্যারিয়ারে প্রথমবার হয়েছেন ‘শেফিল্ড শিল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পরও এই টুর্নামেন্ট খেলছিলেন শিরোপার আক্ষেপ ঘোচাতে, এবার সেটাও হয়ে গেল। আগামী মৌসুমে হয়তো আর দেখা যাবে না এই কিংবদন্তিকে। পন্টিং-ঝলকের জন্য তাই হয়তো শুধু আইপিএল-সিপিএলই এখন ভরসা। ওয়েবসাইট।