শেষে এসে স্বরূপে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুটি টেস্ট ড্র করতে পারলেই খুশি থাকব’—ভারতে পা রেখে বলেছিলেন মার্ক গ্রেটব্যাচ। কোচকে খুশি করা হয়ে গেছে বলেই কিনা, সিরিজের প্রথম দুই টেস্টে লড়াকু নিউজিল্যান্ড শেষ টেস্টে ফিরে এল বাংলাদেশ সফরের হতশ্রী চেহারায়। হরভজন সিং হঠাৎ ব্যাটসম্যান না হয়ে উঠলে আগের দুই টেস্টের একটিতে জিততেও পারত যে দল, তারাই শেষ টেস্টে হারল সাড়ে তিন দিনে। প্রথম দিনের খেলা শুরু হয়েছিল লাঞ্চের পর, এই হিসাব মনে রাখলে ভারত জিতেছে আসলে তিন দিনে!এই জয়ে মানটাও বেঁচেছে মহেন্দ্র সিং ধোনির দলের। বাংলাদেশে বিপর্যস্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দলের বিপক্ষে র‌্যাঙ্কিং-শীর্ষে থাকা দল সিরিজ জিততে না পারলে সেটি বড় একটা অঘটনই হতো। তবে নাগপুরে র‌্যাঙ্কিংয়ের ব্যবধানের মতোই বড় ব্যবধানে জিতেছে ভারত। ইনিংস ও ১৯৮ রানের জয় টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় বৃহত্তম, নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বড়। ১৯৫৬ সালের জানুয়ারিতে চেন্নাই টেস্টের পর এই প্রথম কিউইদের ইনিংসে হারাল ভারত।ম্যাচের ফলাফল নিয়ে কোনো সংশয় ছিল না, দেখার ছিল শুধু নিউজিল্যান্ড ম্যাচটাকে পঞ্চম দিনে নিয়ে যেতে পারে কি না। কাল সাতসকালে প্রজ্ঞান ওঝার দারুণ এক বলে ম্যাককালাম ও সাইমন টফেলের বিরল এক ভুলে গাপটিলের এলবিডব্লু নিশ্চিত করে দেয়, সেটি হচ্ছে না। ওঝা-হরভজন-রায়না ত্রিমুখী স্পিন আক্রমণে কাল ৮৬ রানের মধ্যে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। নবম উইকেটে সাউদি-ম্যাকাইয়ের জুটিই ম্যাচটিকে নিয়ে গেছে লাঞ্চের পর। সাউদিকে আউট করার পরের বলেই মার্টিনকে ২৯তম শূন্য উপহার দিয়ে ম্যাচ শেষ করে দেন ইশান্ত।প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের দায় দিলেন ভেট্টোরি। নিউজিল্যান্ড অধিনায়কের কথার প্রতিধ্বনি শোনা গেল ধোনির কণ্ঠেও, ‘উইকেটে তেমন কিছু ছিল না, তার পরও প্রথম দিন পেসাররা যেভাবে বোলিং করেছে, ওটাই ম্যাচ জয়ের পথে এগিয়ে দিয়েছে আমাদের।’ ১০৫ গড়ে ৩১৫ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ-সেরা হরভজন কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা করলেন উইকেটের, ‘এটাকেই বলে প্রকৃত ভারতীয় উইকেট। পেসারদের জন্য কিছু হলেও ছিল, স্পিনাররা টার্ন পেয়েছে, ভালো খেললে রান পেয়েছে ব্যাটসম্যানরা।’ ২৮ নভেম্বর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে গুয়াহাটিতে। প্রথম দুই ম্যাচে নেই ভারতের শীর্ষ ক্রিকেটাররা, আর নিউজিল্যান্ড পুরো সিরিজেই পাচ্ছে না জেসি রাইডারকে। চোটের কারণে দেশে ফিরে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান। তথ্যসূত্র: নিও ক্রিকেট ও ওয়েবসাইট।