শেষেই মেসির সেরা?

২০০৬, বার্লিন, জার্মানি। ১৮ বছর বয়সী ছেলেটাকে বেঞ্চে বসে দেখতে হয়েছিল টাইব্রেকারে স্বপ্নভঙ্গ।
২০১০, কেপটাউন, দক্ষিণ আফ্রিকা। এবার মাঠ থেকেই দেখলেন ধুলোয় মিশে গেছে বিশ্বকাপ-স্বপ্ন। ৪ গোলের লজ্জা মেখে মাথা নিচু করে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে।
২০১৪, মারাকানা, ব্রাজিল। তীরে এসে তরি ডোবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হবে? নাকি এবার মাঠ ছাড়বেন বীরের বেশে?
বিশ্বকাপ জিতলে অমরত্বের হাতছানি, পেলে-ম্যারাডোনার পঙ্ক্তিতে চলে আসার সুযোগ—এসব কথা এখন ক্লিশে হয়ে গেছে। লিওনেল মেসির সামনে আজ ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা, সেটা নতুন করে বলারও দরকার নেই। ব্রাজিলের সঙ্গে জার্মানি যেমন খেলেছে, তাতে আর্জেন্টিনার দাঁড়াতে পারার কথা নয়। কিন্তু ম্যাচটা ফাইনাল। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চটা নিজের করে নেওয়ার সুযোগটা কি হেলায় হারাবেন মেসি? নিজের সেরাটা কি ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন?
হল্যান্ডের সঙ্গে গত ম্যাচটার কথাই ধরুন। বিশ্বকাপে নিজের সবচেয়ে ভুলে যাওয়ার মতো খেলা মেসি ওই দিনই খেলেছেন। পুরো ম্যাচে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে একবারও শট নিতে পারেননি। একজন মার্কার সব সময় জোঁকের মতো এঁটে ছিলেন, বলতে গেলে বোতলবন্দীই করে রেখেছিলেন। সব আর্জেন্টাইন খেলোয়াড়ের মধ্যে মেসি সবচেয়ে কম জায়গাজুড়ে দৌড়েছেন। পরে ডাচ কোচ লুই ফন গাল বলেই ফেলেছেন, ‘মাঠে তো মেসিকে দেখাই যায়নি।’ অতিরিক্ত সময়ে অবশ্য দুটি সুযোগ করে দিয়েছিলেন সতীর্থদের। প্যালাসিও, ম্যাক্সি রদ্রিগেজরা সেগুলো কাজে লাগালে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত!
মেসি জানেন, জার্মানির সঙ্গে ও রকম খেললে স্বপ্নভঙ্গ নিয়েই মাঠ ছাড়তে হতে পারে। ঝাঁপি থেকে নিজের সেরা জাদু আজ বের করতেই হবে। অথচ গ্রুপপর্বের শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল! বসনিয়ার সঙ্গে নিজের ট্রেডমার্ক গোল দিয়ে শুরু। এরপর ইরানের সঙ্গে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ওই চমক। নাইজেরিয়ার সঙ্গে জোড়া গোল করে প্রায় একাই দলকে নিয়ে এসেছিলেন দ্বিতীয় রাউন্ডে। এর পরই কাঁধ থেকে চাপটা সরিয়ে রাখলেন, আর সেটা দারুণভাবে ভাগাভাগি করে নিলেন সতীর্থরা। বেলজিয়াম ও হল্যান্ডের ম্যাচে ক্ষণিকের কিছু ঝলক। আলেসান্দ্রো সাবেলা জানেন, দল যতই ভালো খেলুক, জার্মানির সঙ্গে জিততে হলে মেসিকে অন্তত আগের ম্যাচের চেয়ে ভালো খেলতেই হবে। কে জানে, হয়তো খেলতে হবে জীবনের সেরা খেলাটাই!