শেষের আগে রোমাঞ্চ
জাভি কি তাঁর হতাশা মুছে লেভান্তে-ভ্যালেন্সিয়াকে ধন্যবাদ জানিয়েছেন?
প্রশ্নটাই মনে হচ্ছে অবান্তর। নিশ্চয়ই ধন্যবাদ জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে হয়তো নয়, মনে মনে তো নিশ্চয়ই। শুধু জাভি কেন, লেভান্তে-ভ্যালেন্সিয়াকে ধন্যবাদ জানাতে পারে পুরো বার্সেলোনা শিবিরই। ভ্যালেন্সিয়া শহরের এ দুটি ক্লাবই যে তাদের প্রায় নিভে যাওয়া লা লিগার শিরোপা স্বপ্ন আবার জ্বালিয়ে দিয়েছে! লেভান্তে-ভ্যালেন্সিয়া বার্সেলোনার মরে যাওয়া স্বপ্নেই শুধু প্রাণ ফেরায়নি, শিরোপার লড়াইও জমিয়ে দিয়েছে আরও।
পরশু প্রথম চমক উপহার দেয় লেভান্তে। নিজেদের মাঠে তারা হারায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অ্যাটলেটিকোকে। ভ্যালেন্সিয়া দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি, তবে বার্নাব্যুতে ২-২ গোলে ড্র করে শিরোপার লড়াই ঠিকই উন্মুক্ত করে দিয়েছে। অ্যাটলেটিকো, বার্সেলোনা, রিয়াল—শিরোপা জিততে পারে তিন দলের যে কেউ।
এখনো অবশ্য অ্যাটলেটিকোর পক্ষেই সমীকরণটা সবচেয়ে সহজ। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮৮। বাকি দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই ১৮ বছর পর শিরোপা জিতে যাবে অ্যাটলেটিকো। অন্যদিকে বার্সেলোনা ও রিয়ালের ভাগ্য পুরোটা নিজেদের হাতে নেই। তাকিয়ে থাকতে হবে অন্যের দিকেও। ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনার কথাই ধরুন। নিজেদের বাকি দুই ম্যাচে জিততে তো হবেই, আরও একবার রিয়ালের পয়েন্ট হারানো কামনা করতে হবে। ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট পাওয়া রিয়ালকেও নিজেদের বাকি তিন ম্যাচে জিতলেই শুধু হবে না, আরও একবার হারতে হবে অ্যাটলেটিকোকে।
পরশু সাত মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। ৬৯ মিনিটে ডেভিড বারালার গোলে নিশ্চিত হয়েছে পরাজয়। অ্যাটলোটিকোর হারে রিয়ালের সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনার।
বার্নাব্যুতে কার্লো আনচেলত্তির দল শুরুটা করেছিল দুর্দান্তই। রোনালদো-বেল-বেনজেমাদের আক্রমণের ঢেউ ভ্যালেন্সিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু দিনটা তাঁদের ছিল না। তবে শেষ পর্যন্ত ড্র করে মহামূল্যবান একটি পয়েন্ট রিয়াল শিবিরে দিয়েছে স্বস্তি। প্রথমবার সমতায় ফেরান সার্জিও রামোস। পরে যোগ করা সময়ে রোনালদোর অসাধারণ ব্যাকহিল গোলে মিলেছে। এই এক পয়েন্টই বাঁচিয়ে রেখেছে রিয়ালের শিরোপার আশা। ওই গোল যাঁরা দেখেছেন, বিস্মিত না হয়ে পারবেন না। না দেখলে দারুণ একটা মুহূর্তের সাক্ষী হতে পারেননি। গোলের জন্য মরিয়া চেষ্টায় রিয়াল, বাঁ প্রান্ত থেকে হাঁটু সমান উচ্চতায় আসা বলে পেছন থেকে পা লাগিয়ে গোল করেন রোনালদো। অবিশ্বাস্য এক গোলই। রিয়ালের পর্তুগিজ তারকা এই গোল করেই ছুঁয়েছেন টানা চতুর্থবারের মতো মৌসুমে ৫০ গোলের মাইলফলক।
কেন হারতে হারতে এই কষ্টার্জিত ড্র? রিয়াল কোচ আনচেলত্তি দায় দিলেন বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ খেলে আসার ক্লান্তিকে, ‘আমি মনে করি, এখানে অন্য যেকোনো কিছুর চেয়ে ক্লান্তিটাই বড় ছিল। আপনি অ্যাটলেটিকো ও চেলসির ক্ষেত্রেও একই সমস্যা দেখে থাকবেন।’ আনচেলত্তি প্রশংসায় ভাসিয়েছেন রোনালদোকেও, ‘ওর গোলটা ছিল অসাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে হারের অর্থ হতো লিগটাই হারিয়ে ফেলা। গোলটা আমাদের শেষ পর্যন্ত লড়াই করার সুযোগ করে দিয়েছে।’
অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে এই হারকে দেখছেন ইতিবাচক হিসেবে। তাঁর কথা, এই হার সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে দলের জন্য সতর্ক বার্তা হয়ে এসেছে। ভাগ্যটা নিজেদের হাতে দাবি করে সিমিওনে বলছেন, ‘আমাদের জন্য সামনে দারুণ তিনটি সপ্তাহ অপেক্ষা করছে, যার মধ্যে আছে ২৪ মের ম্যাচটাও। আমাদের সামনে তিনটি ফাইনাল।’ এএফপি।
শিরোপা-দৌড়ে তিন দল
অ্যাটলেটিকো
৩৬ ম্যাচে
৮৮ পয়েন্ট
ম্যাচ বাকি ২
মালাগা ও বার্সেলোনা
বার্সেলোনা
৩৬ ম্যাচে
৮৫ পয়েন্ট
ম্যাচ বাকি ২
এলচে ও অ্যাটলেটিকো
রিয়াল
৩৫ ম্যাচে
৮৩ পয়েন্ট
ম্যাচ বাকি ৩
ভ্যালাদোলিদ,
সেল্টা ভিগো ও এসপানিওল