শেষের আগেই শেষ বাউচারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্য বললেও বুঝি কম বলা হয়। আগেই জানিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের পথচলার ইতি টানবেন এই ইংল্যান্ড সফর শেষে। সেই শেষ সফরটা কিনা শেষ হয়ে গেল প্রথম দিনেই! প্রস্তুতি ম্যাচে চোখে মারাত্মক চোট পেয়ে দেশে ফিরে যাচ্ছেন মার্ক বাউচার। ইতি টানতে বাধ্য হলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে করতে পারলেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। আরেকটি আক্ষেপও থাকতে পারে, প্রথম উইকেটকিপার হিসেবে ১ হাজার আন্তর্জাতিক ডিসমিসাল করা হলো না। থমকে গেলেন ৯৯৯ ডিসমিসালে!ক্যারিয়ারঘাতী ওই চোট পেয়েছেন গত পরশু। সমারসেটের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ইমরান তাহিরের গুগলিতে বোল্ড হন গেমাল হোসেন। বেল উড়ে গিয়ে লাগে স্টাম্প ঘেঁষে দাঁড়ানো বাউচারের বাঁ চোখে। সঙ্গে সঙ্গে পড়ে যান মাটিতে। হাসপাতালে নেওয়ার পর ওই দিনই অক্ষিগোলকে (আইবল) অস্ত্রোপচার হয় তিন ঘণ্টা ধরে। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানিয়েছেন, বাউচারের চোখের অবস্থা যথেষ্ট গুরুতর। ভ্রমণ করার মতো অবস্থায় এলেই দেশে ফেরত পাঠানো হবে ৩৫ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যানকে।অবসরের ঘোষণাও নিজে সশরীরে দিতে পারেননি। কাল তাঁর আক্ষেপে ভরা লিখিত বিবৃতি পড়ে শুনিয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। সেই বিবৃতিতে বাউচার বলেছেন, ‘যদি বেশি নাও হয়, এই সফরের জন্য আমার প্রস্তুতি ছিল যেকোনো সফরের মতোই। এভাবে এখন অবসরের ঘোষণা দিতে হবে, কখনোই ভাবিনি। কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। অনেক দুঃখ ও কিছুটা যন্ত্রণা নিয়ে এই ঘোষণা দিচ্ছি। চোখের চোটের ভয়াবহতার কারণে আন্তর্জাতিক ক্রিকেট আর খেলতে পারব না। দেশে ফেরার আগে আমি এই সিরিজের জন্য দলকে শুভকামনা জানাচ্ছি।’দলেরও অনেক কিছু বলার ছিল বাউচারকে। সতীর্থদের হয়ে বলেছেন অধিনায়ক স্মিথই, ‘বাউচ, দীর্ঘ পথ আমরা একসঙ্গে হেঁটেছি, এভাবে পথ আলাদা হয়ে যাওয়ায় আমরা বিষণ্ন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তুমি ছিলে সত্যিকারের এক প্রোটিয়া যোদ্ধা, দেশপ্রেমিক দক্ষিণ আফ্রিকান, লড়াকু একজন, যে কখনোই কিছু চায়নি, সব সময় দিয়েছে নিজেকে উজাড় করে।’বাউচারের বিদায় একটা অধ্যায়ের সমাপ্তিও। উইকেটের পেছনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সেরাদের একজন হিসেবে, কারও কারও মতে সর্বকালের সেরাই। উইকেটের সামনেও খেলেছেন দারুণ সব ইনিংস, বিপর্যয়ে দলের ত্রাতা হয়েছেন অসংখ্যবার। আজই তাঁর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা। সম্ভাবনা বেশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা থামি সোলেকিলের। ৩১ বছর বয়সী উইকেটকিপার তাঁর ৩ টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০০৪ সালে। তবে কোচ গ্যারি কারস্টেন নিশ্চিত করেছেন, ওভালে প্রথম টেস্টে কিপিং গ্লাভস পরবেন এবি ডি ভিলিয়ার্স। ওয়েবসাইট।