শেষের আগের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৯৫ হাজার দর্শক-ধারণক্ষমতার সকার সিটি স্টেডিয়ামের সব টিকিটই নাকি বিক্রি হয়ে গেছে। টিকিট মিলছে না। দুই দিন ধরে একই দৃশ্য, একই ঘটনা। টিকিটের জন্য হাহাকার। কালোবাজারিরা আগুন-দাম হাঁকছে। নাসির নামের যে চালকের গাড়ি ভাড়া করে চলছি-ফিরছি, সে করুণ মুখ করে জানাল, ‘পাঁচটি টিকিট জোগাড় করে দেওয়ার অনুরোধ পেয়েছিলাম। টিকিট পেলে আমার পকেটেও কিছু আসত। কিন্তু দুদিন ধরে চেষ্টা করেও পাচ্ছি না। আট-নয় গুণ বেশি দাম দিলে হয়তো পাওয়া যায়, কিন্তু তাতে আমার কোনো লাভ নেই।’এতেই বুঝে নেওয়া যায়, শেষ ম্যাচটির জন্য কতটা চাতক-চোখে তাকিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দল প্রথম রাউন্ডেই বিগত, লাতিন ছন্দের আশা নৈরাশ্যে ডুবে গেল শেষ আটেই ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়ে। তবু ফাইনাল বলে কথা। তা ছাড়া টুর্নামেন্টের যোগ্যতম দুটি দলই তো শেষ লড়াইয়ে মুখোমুখি। জীবনে এমন মহার্ঘ সুযোগ আর আসবে না, তাই পুরো দক্ষিণ আফ্রিকার গন্তব্য যেন সকার সিটি স্টেডিয়াম। সোয়েটোর কাছে নাসরেক নামের একটি জায়গায় বিশাল সেই ‘কালাবাস’টা তাদের হাতছানি দিচ্ছে। কালাবাস আফ্রিকার ঐতিহ্যবাহী একটি গৃহস্থালি পাত্র, এ কথা আগেই জানিয়েছি। সেদিন জানা গেল, এটি শুধু পানীয় রাখার কাজেই ব্যবহূত হয় না, শীতের সন্ধ্যায় এতে আগুনও জ্বালানো হয় উষ্ণতার জন্য। স্পেন-হল্যান্ড ফাইনালটা তো আগুনই ছড়াবে। কালাবাস ধারণাটা একেবারেই মিলে গেছে ফাইনালের সঙ্গে। জোহানেসবার্গ ও এর আশপাশের শহরতলীগুলো আগুনরঙে ছেয়ে গেছে আগে থেকেই। কিছু রক্তরংও চোখে পড়ে। পচেফস্ট্রুমে আছে স্পেন দল। সেখানে অনেক লাল-হলুদ পতাকার ওড়াউড়ি। ঘোড়সওয়ার পুলিশরা নিরাপত্তার বাহক হয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে সারা শহর। আর মাঝেমধ্যেই স্প্যানিশ সমর্থকেরা হাঁক দিচ্ছেন, ‘ভিভা এস্পানা, ভিভা এস্পানা’—জয় হোক স্পেনের। পচেফস্ট্রুমের নিউ ওয়ান্ডারার্স মাঠে অনুশীলন করছে স্পেন, তাদের একপলক দেখার জন্য লম্বা লাইন। কিন্তু চোখে নয়, তাদের দেখার সুযোগ কেবল মন দিয়েই। পুলিশ যে দেড় কিলোমিটার আগেই সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। স্পেনের লাল-হলুদের চেয়ে ফাইনালের রংটা যেন অনেক বেশি কমলা রঙে রাঙানো। এই কমলাকে পরশু বিকেলের ঢলে পড়া আলোয় আগুন-আগুন মনে হলো। পরবর্তী বিশ্বকাপ ২০১৪-এর গ্রহণ ও আগমনী অনুষ্ঠান হলো স্যান্ডটনের কনভেনশন সেন্টারে। ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডা সিলভা চার বছর আগেই অতিথিদের স্বাগত জানিয়ে রাখলেন তাঁর বক্তৃতায়। কনভেনশন সেন্টারের আশপাশের গাছগুলোর রং হয়ে গেছে কমলা। কারা যেন হল্যান্ডের কমলা রঙের ঝালর ঝুলিয়ে দিয়েছে গাছগুলোতে। কমলা স্রোত এমনিতেই ছিল দক্ষিণ আফ্রিকায়। একসময় দেশটি ছিল ডাচ উপনিবেশ। ভারতবর্ষ যখন শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দক্ষিণ গোলার্ধের এই আফ্রিকান ভূখণ্ড তখন দাপিয়ে বেড়াত ডাচ ইস্ট কোম্পানির অশ্বারোহী ঘোড়সওয়ারের দল। যে আফ্রিকানস এখানকার প্রধানতম ভাষা, সেটি ডাচেরই অপভ্রংশ। এখানে ডাচ বংশোদ্ভূত জনগোষ্ঠী অনেক; হল্যান্ড থেকে ছুটে আসছে এখন কমলা স্রোত। জিব্রাল্টার পেরিয়ে, নীল নদ পাশে রেখে কমলা ক্যারাভানগুলো এল পোর্ট এলিজাবেথে; সেখান থেকে কেপটাউন হয়ে এখন জোহানেসবার্গে। শীতার্ত জনপদের মানুষ সেই ক্যারাভানের দিকে তাকিয়ে অবাক হচ্ছে। সপ্তদশ শতকে ডাচরা ছুটে এসেছিল সোনার সন্ধান পেয়ে, হীরার উজ্জ্বল দ্যুতির টানে। আবার কী জয় করতে আসছে তারা? এটাও কম দামি নয়। সোনা বা হীরার চেয়েও কোনো অংশে কম নয় এর আকর্ষণ। এ যে ফুটবলের বিশ্ব শিরোপা! আগের দুবার শেষ লড়াইয়ে তারা হেরে গিয়েছিল স্বাগতিক দেশের কাছে। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দেশ নয়। এখানেই একটা মানসিক তৃপ্তি। কিন্তু পারবে তারা স্পেনের কাছে? এই স্পেন একসময় হল্যান্ড দেশটাই জিতে নিয়েছিল। আজ কি আবারও হল্যান্ডকে জিতে নেবে সুন্দর ফুটবল দিয়ে? শেষ লড়াইয়ের মঞ্চটা অবশ্য সুন্দর করেই সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। জননন্দিত হাজার হাজার ব্যক্তিত্ব, সংগীততারকা, রাজনীতিবিদ, ক্রীড়াতারকারা আলো করবেন স্টেডিয়াম। মার্কিন চিত্রতারকা প্যারিস হিলটন, একাডেমি পুরস্কার পাওয়া মরগ্যান ফ্রিম্যান, শার্লিজ থেরন, টেনিস-তারকা রাফায়েল নাদাল, ইতালীয় সংগীততারকা আন্দ্রিয়া বোকেল্লি, স্পেনের যুবরাজ ফেলিপে, রানি সোফিয়া, ডাচ রাজকুমার উইলেম-আলেকজান্ডার ও রাজকুমারী ম্যাক্সিমা—এ রকম আরও কতজন! ৩০ মিনিটের সমাপনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। শাকিরা গাইবেন বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা, ওয়াকা...’। কাল দুপুরে স্থানীয় ব্যান্ড ফ্রেশলি গ্রাউন্ডের কয়েকজনকে নিয়ে ফিফা কর্মকর্তাদের সঙ্গে সকার সিটি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এলেন শাকিরা। লাস্যময়ী কলম্বিয়ান পপতারকা মঞ্চে বসে হাসলেন; হাসতে হাসতে ছোট মাইক্রোফোনটা ফেলে দিলেন। সাংবাদিকদের অনুরোধ করলেন তাঁর গানের সঙ্গে তাল মেলাতে। সামনে রাখা জাবুলানি বলটা হাতে নিয়ে একটু ঘোরালেন। অনেক খুনসুটি হলো। কিন্তু আজকের ফাইনালের আগে স্পেন ও হল্যান্ড দল কি এমন হাসতে পেরেছে? দুটো দলের জীবনের সবচেয়ে বড় ক্রীড়াযুদ্ধ। আবার অন্যদিক দিয়ে ভাবলে তাদের হাসিতে উদ্ভাসিত হওয়ারই কথা। এই ফাইনাল যে জন্ম দিচ্ছে ফুটবলের নতুন ভোরের।