শেষের চ্যাম্পিয়ন ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি, তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপটাও জিতেছে ভারত। আর কাল এজবাস্টনে বৃষ্টির কবলে পড়ে ‘টি-টোয়েন্টি’ হয়ে যাওয়া ফাইনালটা জিতে চ্যাম্পিয়নস ট্রফিতেও চ্যাম্পিয়ন ধোনির দল। ৫ রানের হার, ওয়ানডে ক্রিকেটের বৈশ্বিক আসরের ফাইনাল হারার ধারাটা ধরে রাখল ইংল্যান্ড। জয়ের আশা জাগিয়েও আরেকবার আশাভঙ্গের বেদনায় পুড়ল ক্রিকেটের জনকেরা।২০ ওভারে করতে হবে ১৩০। ৪ উইকেট হারিয়ে ইংলিশরা তুলে ফেলেছিল ১১০ রান। তখনই ইশান্ত শর্মার জোড়া আঘাত। ১৮তম ওভারে পরপর দু বলে ইংল্যান্ডকে স্বপ্ন দেখানো এউইন মরগান ও রবি বোপারাকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার। শেষ ১৪ বলে প্রয়োজনীয় ২০ রান আর করতে পারেনি ইংল্যান্ড। ১২৪ রানেই থমকে যায় দলটির ইনিংস। ব্যাটিংয়ের জন্য ছয় ঘণ্টা অপেক্ষা। টস হেরে ব্যাটিং পাওয়া ভারতীয় ব্যাটসম্যানদের ঝিঁঝি ধরেছিল কি না কে জানে? শুরুর ওভারগুলোতে রান নিতে হিমশিমই খেতে হয়েছে দলটির বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে। প্রথম দুই ওভারে মাত্র ৬ রান, পাঁচ ওভারে ২৫। রান রেটটা বাড়াতে গিয়েই বিপর্যয়। ১ উইকেটে ৫০ থেকে দেখতে না দেখতেই ৫ উইকেটে ৬৬। টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান করা শিখর ধাওয়ানকে ফিরিয়ে প্রথম উইকেট পাওয়া রবি বোপারা ত্রয়োদশ ওভারে হানলেন যুগল আঘাত। সুরেশ রায়নাকে কুকের ক্যাচ বানানোর তিন বল পর ধোনিকে শূন্য হাতেই ফিরিয়ে দেন এই মিডিয়াম পেসার। ২০১০ সালের অক্টোবরের পর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে আউট হলেন ভারতীয় অধিনায়ক। এর পরই রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিরাট কোহলির ৪৭ রানের জুটি।