শেষের ডাক ভিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ভিয়া
ডেভিড ভিয়া

গোলমেশিন৷ বিশ্ব ফুটবলে স্পেনের উত্থানের অন্যতম সারথি । একটা যুগের প্রতীক৷ শব্দের ঝাঁপি খুলে আরও কিছু বিশেষণ যোগ করা যেত ডেভিড ভিয়ার নামের আগে। এই বিশেষণগুলো কদিন পর অতীতের অংশ হয়ে যাবে৷ ব্রাজিল বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ডেভিড ভিয়া৷ গত পরশুই স্পেনের এই স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপই লা রোজাদের জার্সি গায়ে তাঁর শেষ অভিযান৷
২০০৫ সালে স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে ক্যারিয়ার শুরুর পর থেকে ভিয়া আর স্পেন ফুটবল দল একে অন্যের পরিপূরক। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে গোল করতে পারেননি, গোল পাননি তার আগে একটা গ্রুপ ম্যাচে৷ কিন্তু তাঁর বাকি ৫টি গোলের সেতু বেয়েই স্পেন দাঁড়ায় ফাইনালে। আর স্পেনকে প্রথম বিশ্বকাপ জেতানো একমাত্র গোলটি করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু সবাই মানবেন স্পেনকে অধরা বিশ্বকাপ শিরোপা জেতানোর মূল নায়ক তিনি৷ এর আগে নায়ক ছিলেন ২০০৮ ইউরো জয়েরও৷ ভিয়াই স্পেনের হয়ে সর্বোচ্চ ৫৬ গোলের মালিক । ব্রাজিল বিশ্বকাপে এই গোলসংখ্যা কোথায় নিয়ে যেতে পারেন, সেটি সময়ই বলে দেবে৷ তবে এটা ঠিক, ইতিহাস আর সময় তাঁর নামের ওপর ধুলো জমতে দেবে না৷ স্পেনের ফুটবল ইতিহাসে ভিয়ার নামটা থাকবে চির-অমলিন৷
বয়স ৩২৷ খেলাটা চালিয়ে যেতে পারতেন আরও কিছুদিন৷ কিন্তু স্প্যানিশ টিভি চ্যানেল কোয়াত্রোকে জানিয়ে দিলেন, আর নয়, বিশ্বকাপের পরই তাঁর শেষ, ‘বয়স হয়ে গেছে মনে হচ্ছে। আমার যা ছিল সবই তো দিলাম। এবার মনে হয় সময় হয়েছে বিশ্রামের। তবে সেটা ব্রাজিল বিশ্বকাপের পরেই। বিশ্বকাপের আগে এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না৷ এটা বিশ্বকাপের পরের ব্যাপার । এখন আমি যা চাই, তা হলো প্রথম দিনটি থেকেই প্রতিটি ম্যাচ উপভোগ করতে এবং দুর্দান্ত একটা বিশ্বকাপ।’
১৩ জুন বিশ্বকাপ অভিযান শুরু হবে স্পেনের, প্রতিপক্ষ গত বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ হল্যান্ড৷ শেষের শুরুর জন্য এর চেয়ে ভালো প্রতিপক্ষ হয়তো ভিয়া আর আশা করতে পারতেন না! এএফপি৷