শেষের প্রাপ্তি ৯ ওভারে ১৮৯!
ব্যক্তিগত চাওয়া-পাওয়ার পালা তখন শেষ। রকিবুল হাসান আউট, নির্বাচকদের কাজটা অনেক সহজ করে দিয়ে ফিরে গেছেন মোহাম্মদ আশরাফুলও। ৬৭ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের রান ১৭৩, রানরেট আড়াই করে। ম্যাচে প্রাণ ফেরাতে একটা কিছু করা দরকার, এটা মনে হয় বুঝতে পারছিলেন সগীর, শুভাগত, ডলাররা। লাঞ্চের আগের শেষ ৯ ওভারে যা হলো, এটাকে টর্নেডো, তুফান, সাইক্লোন, ঝড় না কী বলবেন বলা মুশকিল। এই বিশেষণগুলোর ব্যবহার ক্রিকেটে এর আগেও হয়েছে, কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল যা হলো, তেমন কিছু ক্রিকেট খুব একটা দেখেনি, ঝুঁকি ছাড়াই বলা যায়।সেই ৯ ওভারের রানগুলো বলা যাক—২৪, ১৩, ২২, ১৮, ২২, ২৩, ১৮, ২৪, ২৫। ৯ ওভারে ১৮৯, পাড়ার ক্রিকেট বা গলির ক্রিকেটেও সচরাচর হয় না নিশ্চিত। ৫৪ বলের ৩৮টিই বাউন্ডারি, ২৩টি মাটি কামড়ে, ১৫টি হাওয়ায় ভেসে। মারতে মারতে বিরক্ত হয়ে বাইরে চলে গেছেন এক ব্যাটসম্যান। অ্যালিস্টার কুকের ৫ ওভারে ১১১, তুলনায় অনেক মিতব্যয়ী মাইকেল কারবেরি, ৪ ওভারে ‘মাত্র’ ৭৮! অবিশ্বাস্য, অকল্পনীয় কিন্তু পুরোপুরি সত্যি। সংখ্যাগুলোয় কোনো ভুল নেই, তবে শুরুতে বলা প্রেক্ষাপটটা একটু ভিন্ন!আরেকবার ব্যাটিং প্র্যাকটিস দরকার, কিন্তু স্কোরবোর্ডে নিরাপদ রান জড়ো করতে না পারলে তো আর ইনিংস ঘোষণা করবে না বাংলাদেশ ‘এ’। দলের প্রয়োজনে ইংল্যান্ড অধিনায়ক নিজেই এলেন বোলিংয়ে, আরেক প্রান্তে কারবেরি। শুরু হলো জমজমাট এক প্রতিযোগিতা, হাড্ডাহাড্ডি লড়াই। দৌড়ে এসে আস্তে করে বলটা শুধু ছেড়ে দেওয়া...কুক-কারবেরি প্রতিযোগিতায় নামলেন কে কত বাজে বোলিং করতে পারেন। ফিল্ডারদের প্রতিযোগিতা কে কত নাটক করতে পারেন, ইচ্ছে করেই বল ছেড়ে দেওয়া, বাউন্ডারিতে দাঁড়ানো ফিল্ডার বল ধরছেন বাউন্ডারির বাইরে গিয়ে, কেউ কেউ আবার বলকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন সীমানার বাইরে, কেউ আবার জায়গায় থেকেই ডাইভ দিচ্ছেন, কিন্তু বল ধরছেন না। আগের দিন প্রথম শ্রেণীর মর্যাদা হারানো ম্যাচটি কাল লাঞ্চের আগে রূপ নিল রীতিমতো ফাজলামো আর তামাশায়। দায়টা কিন্তু এড়াতে পারবে না বাংলাদেশও। সৈয়দ রাসেলের বদলে একজন বদলি বোলার খেলানো কি এতটাই জরুরি ছিল? ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার অবশ্য প্রস্তুতিটাকেই বড় করে দেখেছেন ‘আমরা চেয়েছিলাম ম্যাচটা প্রথম শ্রেণীরই হোক। কিন্তু ওরা এসে যখন ইনজুরির কথা বলল, ভাবলাম বদলি খেলালে দু দলের জন্যই ভালো।’ প্রতিযোগিতা একটা হয়েছে ‘এ’ দলের ব্যাটসম্যানদের মাঝেও। কে কত জোরে আর দূরে মারতে পারে! শুরুতে শুভাগত চৌধুরীর সঙ্গী ছিলেন সগীর হোসেন। আগের ৩৫ বলে ১৯ রান করা সগীর পরের ১০ বলে ৩২ রান করে ইচ্ছে করেই অবসর নেন। ২০ বলে ফিফটি করা শুভাগত শেষ পর্যন্ত অপরাজিত ৩০ বলে ৯১ রান করে, ৮টি ছয়, চার দুটো বেশি। ডলারের ফিফটি ১৪ বলে, ১৬টি বল খেলে ৭টিতে চার, ৬টি ছয়। তবে এর চেয়ে বেশি অবাক করা তথ্য, দুটো ডট বলও খেলেছেন! ‘ওরাও মজা করেছে, আমরাও। পিটারসেন এসে বলল একটু আস্তে ছয় মারতে, যাতে বেশি দূরে বল না যায়, তাহলে আবার সময় নষ্ট হবে!’—এমন অদ্ভুত অনুরোধ ডলার আর কখনো শোনেননি নিশ্চিত।অথচ দিনের শুরুতে কি প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝটাই না ছিল! শুরু থেকেই একের পর এক বাউন্সার মারছিলেন ব্রেসনান-ফিনরা, বোঝা যাচ্ছিল পরিকল্পনা করেই নেমেছেন তাঁরা। আগের দিন স্বচ্ছন্দে খেলা রকিবুল কাল ২৬ বল খেলে করতে পরেছেন মাত্র ১ রান। আশরাফুলকে কিন্তু আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল, দিনের প্রথম ওভারে চার মেরেছেন কাট করে, ব্রেসনানের বাউন্সারের জবাব দিয়েছেন পুল করে। দুজনই শিকার বাউন্সারের, ক্রমাগত বাউন্সার খেলতে খেলতে ব্যাকফুটে চলে গিয়েছিলেন, হঠাত্ই সামনের পায়ে খেলার মতো বল, কিন্তু পেছনের পায়েই খেলে বলের লাইন মিস বলে বোল্ড দুজনই। রকিবুলের তাতে ক্ষতি কিছু হয়নি, তবে আশরাফুলের যা হওয়ার হয়ে গেছে। তিনি পারেননি, যিনি পেরেছেন সেই রকিবুলকে অভিনন্দন জানিয়েছেন। পিটারসেনের উইকেটসহ তিন উইকেট নিয়েছেন, ক্যারিয়ারের আরেকটি বাঁকে দাঁড়িয়ে এটা কি আর সান্ত্বনা হতে পারে!