শেষের শুরু দেখছেন রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে অনেকেই বলে রাউল মাদ্রিদ। নিজের অস্তিত্বের সঙ্গে ক্লাবকে এভাবেই মিশিয়ে নিয়েছেন। ‘রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে’ বলেও বোঝানো যায় না স্পেনের এ ক্লাবটির প্রতি রাউল গঞ্জালেসের আত্মনিবেদন। ১৯৯৪ সালে পেশাদার ফুটবলে পা রাখার পর থেকে এই একটা ক্লাবেই খেলেছেন। যা কিছু অর্জন, ব্যর্থতা সবই রিয়ালের হয়েই। রিয়ালের সঙ্গে যে ভালোবাসার অদ্ভুত এক সম্পর্কে বাঁধা তাঁর হূদয়!কিন্তু বাস্তবতার কাছে ভালোবাসার দাম কানাকড়িটিও নয়। রিয়ালের হয়ে প্রায় সাড়ে সাত শ ম্যাচ খেলার পর রাউল আবিষ্কার করছেন, দ্বিতীয় গ্যালাকটিকোসে রোনালদো-হিগুয়েইন-বেনজেমাদের দ্যুতিতে তিনি ম্লান! বেশির ভাগ ম্যাচেই বেঞ্চে বসে থাকতে হবে মাঠে নামার অপেক্ষায়—এই নিয়তি যেন মেনেই নিয়েছেন এই ৩২ বছর বয়সী। ‘এই পরিস্থিতি কোনো খেলোয়াড়ের জন্যই খুব একটা সহজ হবে না। গত ১৫ বছরে বলতে গেলে যা যা জেতা সম্ভব তার সবকিছুই আমি জিতেছি। সেই আমি গত তিন মাসে খেলছি খুব সামান্যই। আজ হোক, কাল হোক এটি আমাকে মেনে নিতেই হবে’—বলেছেন রিয়ালের সর্বোচ্চ গোলদাতা।১৭ বছর বয়সে অভিষেক। ছয়বার লিগ শিরোপা জিতেছেন, তিনবার চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। কিন্তু করিম বেনজেমার আক্রমণ-সঙ্গী হিসেবে গঞ্জালো হিগুয়েইনকেই বেছে নিচ্ছেন কোচ। আর তাই বেঞ্চে বসে থাকতে হচ্ছে বেশির ভাগ সময়, কপাল ভালো থাকলে নামছেন বদলি হিসেবে। এই মৌসুমে ২৬ ম্যাচে ৫ গোল করা রাউল জোর গলায় কিছু বলতেও পারছেন না।তবে কি ক্যারিয়ারের শেষ প্রান্তে তিনি? নাকি শেষ প্রান্তে রিয়ালের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্কই? এএফপি।