শেষের শুরু ভারতের জয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাতে হেলমেট, এক হাতে ব্যাট। দুই পা ছড়িয়ে, দুই হাত প্রসারিত দুদিকে। মুখে সেই হাসি, গোঁফে একটু তা দেওয়া। শিখর ধাওয়ানের সেই চেনা, গর্বিত উদ্যাপন!একটু পেছনে যেতে হবে। ফ্ল্যাশব্যাকের মতোই তখন দৃশ্যপট ছিল সাদাকালো। সাদা পোশাকে অভিষেকেই করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এখন ঝলমলে বর্তমান, রঙিন পোশাকেও ফিরে এলেন সেই ধাওয়ান। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা। মোহালির পর কার্ডিফ। মার্চের পর জুন। টেস্টের পর ওয়ানডে। প্রতিপক্ষ বদলেছে। ভেন্যু বদলেছে। বদলেছে ফরম্যাট। কিন্তু বদলাননি শিখর ধাওয়ান। মোহালিতে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। কার্ডিফে কাল পেলেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আগের পাঁচ ওয়ানডে মিলিয়ে করেছিলেন ৬৯। টেস্টের সাফল্যে উজ্জীবিত ধাওয়ান কাল এক ইনিংসেই করলেন ১১৪।ধাওয়ানের বিধ্বংসী ইনিংস, রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত এক উদ্বোধনী জুটি গড়ে দিল বড় স্কোরের ভিত্তি। রবীন্দ্র জাদেজার শেষের ঝড়ে ভারত উঠল ৩৩১ রানের পাহাড়ে। যে পাহাড়ের চূড়াটা দেখতে পেলেও নাগাল পায়নি দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরে শুরু হলো ভারতের জয়ে। অসাধারণ ফিল্ডিং আর স্পিনারদের দারুণ বোলিংয়ের যুগলবন্দীতে ভারত জিতেছে ২৬ রানে।দুই প্রস্তুতি ম্যাচেই সেঞ্চুরি করা দিনেশ কার্তিককে মিডল অর্ডারে জায়গা দিতে ভারত ওপেনিংয়ে নামায় রোহিতকে। ফাটকাটা কাজে লেগে গেছে দারুণভাবে। নতুন উদ্বোধনী জুটি ভারতকে এনে দেয় ১২৭ রানের শক্ত ভিত্তি। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ধাওয়ানের জুটি ৮৩ রানের। টেস্টের সাফল্যের আত্মবিশ্বাস বিচ্ছুরিত হয়েছে ধাওয়ানের প্রতিটি শটে। প্রথম ওয়ানডে সেঞ্চুরি ছুঁতে লেগেছে মাত্র ৮০ বল! উইকেটে ঘাসের ছোঁয়া ছিল, ছিল বাউন্সও। কিন্তু ডেল স্টেইনবিহীন প্রোটিয়া বোলিং আক্রমণকে পাত্তাই দেয়নি ভারতের তরুণ ব্রিগেড। শর্ট বলগুলোর আশ্রয় হয়েছে সীমানার বাইরে। দ্রুত রান তোলার তাগিদে মাঝে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খানিকটা পথ হারায় ভারত। তবে জাদেজার ২৯ বলে ৪৭ রান ঠিকই ভারতকে এনে দেয় স্বস্তির সংগ্রহ।সেই স্বস্তির ছোঁয়ায় বল হাতেও ভারতের শুরুটা হলো দারুণ। ৩১ রানে আউট দুই প্রোটিয়া ওপেনার। তবে পিঞ্চ হিটার হিসেবে তিনে নামা রবিন পিটারসনকে নিয়ে প্রতি-আক্রমণে জবাব দেন এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে সমান বলে ১২৪ রানের জুটি গড়েন দুজন। প্রথম ওয়ানডে ফিফটির পর পিটারসনের রানআউটে হঠাৎ ছন্দপতন। ডি ভিলিয়ার্সের উইকেট ছুড়ে আসা, ডুমিনি-ডু প্লেসিসদের বড় কিছু করতে না পারা আর কোনো বল না খেলেই মিলারের রান আউটে পথ হারায় দক্ষিণ আফ্রিকা। তিন ভারতীয় স্পিনারের ২৫ ওভারে ১১৪ রান পাখা মেলতে দেয়নি প্রোটিয়াদের। আটে নেমে রায়ান ম্যাকলরেনের ৬১ বলে অপরাজিত ৭১ দলকে লড়াইয়ে রেখেছিল। কিন্তু জয়ের আশা জাগাতে পারেনি। ওয়েবসাইট।