শেষের শুরুতে অধিনায়ক স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২২ বছর বয়সে দলের নেতৃত্বভার তুলে নিয়েছিলেন কাঁধে। এমন এক দেশের, ক্রিকেটে যাদের দীর্ঘ ইতিহাস। দেশের মানুষ ক্রিকেটও ভালোবাসে ভীষণ। সেই দলে ভার বয়ে বেড়াচ্ছেন আট বছর ধরে। সিং বাগিয়ে তেড়ে আসা ষাঁড়ের মতো চাপের সঙ্গে লড়েছেন। গ্রায়েম স্মিথ তাই এই দাবি করতেই পারেন, ‘চাপ! চাপ আবার কী!’বিষয়টি নিয়ে আপনি পড়ে পড়ে হয়তো ক্লান্ত হয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকানরাও উত্তর দিতে দিতে ক্লান্ত। কিন্তু কিছু সাংবাদিক ক্লান্তিহীন। তাঁরা এই প্রশ্ন করেই যাচ্ছেন, ‘চোকার অপবাদ কবে ঘোচাবে প্রোটিয়ারা?’আজ নিজেদের প্রথম ম্যাচের আগে, ওয়েস্ট ইন্ডিজ নামে আপাত দৃষ্টিতে সহজ কিন্তু রেকর্ডের দৃষ্টিতে তাদের জন্য অস্বস্তিকর এক প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর আগেও স্মিথের দিকে একই প্রশ্ন তেড়ে গেল। স্মিথ যথাসম্ভব ধৈর্য নিয়ে উত্তর দিলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে যে ভাগ্যটা লাগে, সেটা হয়তো আমরা পাই না।’নাছোড় সাংবাদিকের সম্পূরক প্রশ্ন, ‘সেই ভাগ্যের সহায় না পেলেই কি তবে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা?’ অধিনায়ক হিসেবে নিজের শেষ টুর্নামেন্টে নেতৃত্ব দিতে আসা স্মিথ যেন এবার বিরক্তই হলেন, ‘আপনি নিশ্চয়ই মাঠে নেমে খেলেছেন। নিশ্চয়ই জানেন, সেটা কেমন চাপ?’সেই চাপ আসলেই অসহনীয়। দক্ষিণ আফ্রিকানদের জন্য সবচেয়ে কষ্টের, বারবার খুঁচিয়ে খুঁচিয়ে এ নিয়ে তাদের কাছ থেকে জোর করে কথা আদায় করা। ১৯৯২-এর বৃষ্টি আইন, ১৯৯৬-এর লারা-বীরত্ব, ১৯৯৯-এ বিখ্যাত রান আউট, ২০০৩-এ আবারও সেই বৃষ্টি আইন...দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ইতিহাসে জমা পড়েছে একের পর এক অনাকাঙ্ক্ষিত কষ্টের দাগ।ওয়েস্ট ইন্ডিজ তাদের জন্য অস্বস্তিকর প্রতিপক্ষ। কারণ, ’৯৬ বিশ্বকাপে তারাই মাটিতে টেনে নামিয়েছে উড়তে থাকা প্রোটিয়াদের। ২০০৩ বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে তারা। দুবার হেরেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও।স্মিথের দক্ষিণ আফ্রিকা অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে ৩ ম্যাচ, জিতেছে ১৭টি। তা ছাড়া স্মিথ জানালেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে তাঁরা আটঘাট বেঁধেই মাঠে নামবেন। অধিনায়ক হিসেবে নিজের শেষ টুর্নামেন্ট বলে নিজে বিশেষ প্রস্তুতিও নিচ্ছেন, ‘আমি খুবই ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছি, সম্ভবত নিজের জীবনের সেরা প্রস্তুতি নিয়েই।’প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজও। এই বিশ্বকাপ তারা যে হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য খেলবে, এ কথা ড্যারেন স্যামিরা অনেকবারই বলেছেন। একদিকে মুকুট হারানো, অন্যদিকে প্রথমবারের মতো মুকুট পরতে ব্যাকুল এক দল—দিল্লিতে লড়াইটা জমবে ভালো।