শেষের স্বস্তিতে ক্লার্কদের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেছনে অ্যাশেজ হারের তিক্ত স্মৃতি। সামনে ফিরতি অ্যাশেজের চ্যালেঞ্জ। মাঝে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় কিছুটা হলেও স্বস্তির হাওয়া ছড়িয়ে দিল অস্ট্রেলিয়া দলে। পরশু সাউদাম্পটনে ন্যাটওয়েস্ট সিরিজের ট্রফি জেতার পর ক্লার্কদের উচ্ছ্বাস জানিয়ে দিচ্ছে সেটাই   রয়টার্স
পেছনে অ্যাশেজ হারের তিক্ত স্মৃতি। সামনে ফিরতি অ্যাশেজের চ্যালেঞ্জ। মাঝে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় কিছুটা হলেও স্বস্তির হাওয়া ছড়িয়ে দিল অস্ট্রেলিয়া দলে। পরশু সাউদাম্পটনে ন্যাটওয়েস্ট সিরিজের ট্রফি জেতার পর ক্লার্কদের উচ্ছ্বাস জানিয়ে দিচ্ছে সেটাই রয়টার্স

টেস্ট সিরিজেও সেরাটা জমা রেখেছিলেন শেষের জন্য। ওভালে খেলেছিলেন ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। ওয়ানডে সিরিজেও স্বরূপে দেখা দেওয়ার জন্য শেন ওয়াটসন বেছে নিলেন শেষ ম্যাচকে। ওভালে জেতাতে পারেননি দলকে, তবে পরশু ওয়াটসনের বিধ্বংসী ইনিংসটাই গড়ে দিল জয়ের ভিত। সাউদাম্পটনে ৪৯ রানের জয়ে ২-১-এ ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
সান্ত্বনা তো নয়ই, অ্যাশেজে বিব্রতকর হারের ক্ষতে প্রলেপও হয়তো খুব একটা দিতে পারবে না এই জয়। তবে চার মাসের সফর থেকে অন্তত কিছু একটা তো মিলল! আর লোকে তো শেষটাই মনে রাখে বেশি। হতাশায় ভরা সফরের শেষটায় এই সিরিজ জয়ে তাই অস্ট্রেলিয়া শিবিরে খানিকটা খুশির ছটা। মাইকেল ক্লার্ক যেমন বলছেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি, সেটার দারুণ একটা পুরস্কার এই ট্রফি। আশা করি, অস্ট্রেলিয়ায় যাঁরা আমাদের দেখছেন, তাঁদের মুখে খানিকটা হাসি ফোটাতে পেরেছি।’
চোটের কারণে শেষ ম্যাচে মাঠে নামাটাই অনিশ্চিত ছিল ক্লার্কের। শেষ পর্যন্ত মাঠে নেমে ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক। তবে ম্যাচের নায়ক সন্দেহাতীতভাবে ওয়াটসনই। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ঝড়ো ব্যাটিংয়ে চাপটা যেন ফুৎকারে উড়িয়ে দিলেন ওয়াটসন। ৪৯ বলে ফিফটি ছোঁয়ার পর অষ্টম ওয়ানডে সেঞ্চুরি ছুঁয়েছেন ৮৭ বলে। শেষ পর্যন্ত এক ডজন চার আর অর্ধডজন ছয়ে ১০৭ বলে ১৪৩। আরেক পাশে ৭৬ বলে ৭৫ ক্লার্ক। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে ১৩৩ বলে ১৬৩! একপর্যায়ে মনে হচ্ছিল, ৩৫০-এর আশপাশে কোনো স্কোর গড়বে অস্ট্রেলিয়া। শেষ দিকে বেন স্টোকস, ক্রিস জর্ডানরা মিলে ২৯৮ রানেই বেঁধে ফেলেন অস্ট্রেলিয়াকে। আগের ৯ ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়া অলরাউন্ডার বেন স্টোকস ৫ উইকেট নিয়েছেন ৬১ রান খরচায়, অভিষিক্ত পেসার ক্রিস জর্ডান নিয়েছেন ৩ উইকেট।
এই রান তাড়ায় ওয়াটসনের জবাব হতে পারতেন যিনি, সেই কেভিন পিটারসেন শূন্য রানে রান আউট প্রথম ওভারেই। ইনিংসের মাঝামাঝি এউইন মরগান (৩০) যখন ফিরলেন, ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের জয়ের সামান্যতম আশাটুকুও তখন শেষ। বোপারা (৬২), বাটলার (৪২), স্টোকসরা (২৭) মিলে পরাজয়ের ব্যবধানকে ভদ্রস্থ করেছেন।
মূল লক্ষ্য অ্যাশেজ জয়ের পর ইংল্যান্ড ওয়ানডে থেকে বিশ্রাম দিয়েছিল কুক, বেল, অ্যান্ডারসন, ব্রড ও সোয়ানের মতো গুরুত্বপূর্ণ পাঁচ ক্রিকেটারকে। ওয়ানডে সিরিজটাকে কতটা গুরুত্ব দিয়েছে তারা, পরিষ্কার এতেই। তবে সাফল্যের লম্বা খরায় ভগ্নশক্তির ইংল্যান্ডের বিপক্ষে জয়টাও কম তৃপ্তিদায়ক নয় সিরিজ-সেরা ক্লার্কের কাছে, ‘অনেকের কাছেই এই সিরিজটার হয়তো খুব বেশি মূল্য ছিল না। কিন্তু আমাদের কাছে এটা ছিল অনেক কিছু। আমাদের ড্রেসিংরুমে সবাই খুব রোমাঞ্চিত। রোমাঞ্চিত হওয়ারই কথা, কারণ এই সিরিজ জয়টা আমাদের প্রাপ্য ছিল।’
অধিনায়কের সঙ্গে কণ্ঠ মেলালেন ম্যাচসেরা ওয়াটসন, ‘আমরা জানতাম ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, সিরিজ জয় কতটা গুরুত্বপূর্ণ। এর আগে এই সফরে সাফল্য বলতে খুব বেশি কিছু ছিল না আমাদের।’
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায়, অ্যাশেজে ৩-০-তে হার। দেশের বিমানে ওঠার সময় তবু খানিকটা স্বস্তি সঙ্গী হবে ক্লার্ক-ওয়াটসনদের। ওয়ানডে সিরিজ জয়ের মাহাত্ম্যটা তাঁদের কাছে একটু বিশেষ কিছু তো হবেই! এএফপি, ওয়েবসাইট।
সেরা ৫
ব্যাটসম্যান
ইনিংস রান গড় সর্বোচ্চ ৫০/১০০
মাইকেল ক্লার্ক ৩ ২০২ ৬৭.৩৩ ১০৫ ১/১
শেন ওয়াটসন ৩ ১৮৭ ৬২.৩৩ ১৪৩ ১/০
জস বাটলার ৩ ১৮২ ৯১.০০ ৭৫ ০/২
জর্জ বেইলি ৩ ১৭৩ ৫৭.৬৬ ৮৭ ০/২
এউইন মরগান ৪ ১৪২ ৪৭.৩৩ ৫৪ ০/২
বোলার
ওভার উইকেট গড় সেরা ৪/৫
ক্লিন্ট ম্যাকাই ৩৩.২ ৭ ২৩.২৮ ৪/৩৯ ১/০
বেন স্টোকস ২৯ ৬ ২৮.১৬ ৫/৬১ ০/১
বয়েড র‌্যানকিন ২৯.৫ ৫ ২১.২০ ২/৩১ ০/০
জেমস ফকনার ২৮ ৫ ২৪.৬০ ৩/৩৮ ০/০
মিচেল জনসন ৩৪.৩ ৫ ২৮.২০ ২/২১ ০/০