শেহজাদ এশিয়া কাপে নেই আচরণগত কারণে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স আহমেদ শেহজাদের। নিজ দল বরিশাল বার্নার্সকে ফাইনালে তুলতে শেহজাদের পারফরম্যান্স ছিল এক কথায় ‘অতিমানবীয়’। সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে তিনি চিনিয়েছিলেন নিজের জাত। অনেকেই বলাবলি করছিলেন, এই ঢাকাতেই আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের জার্সি গায়ে আবির্ভূত হবেন এই সুদর্শন তরুণ ওপেনার। কিন্তু সেই আশার গুড়ে বালি। বিপিএলের দুরন্ত পারফরম্যান্সও শেহজাদের ব্যাপারে পাকিস্তানি নির্বাচকদের মন গলাতে পারেনি। কিন্তু কেন? পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানিয়েছেন, ‘বিপিএলের অসাধারণ পারফরম্যান্স শেহজাদ সম্পর্কে আমাদের ভাবিয়েছে ঠিকই, কিন্তু সে দলে আসতে পারেনি তার অতীতের স্বভাবগত কিছু কারণে।’জানা গেছে, আহমেদ শেহজাদের আচরণগত কিছু সমস্যা রয়ে গেছে। অতীতে সেই আচরণ পাকিস্তান দলের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করেছিল। এবারের এশিয়া কাপে দারুণ ফর্মে থাকার পরও কেবল সেই সমস্যা কাটিয়ে উঠতে না পারার কারণে তিনি পাকিস্তান দলে ফিরতে পারলেন না।ইকবাল কাশিম বলেন, ‘শেহজাদকে নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। কিন্তু তাঁর নিজেকে সংশোধন করতে হবে আগে।’ তিনি বলেন, ‘বিপিএলে মোহাম্মদ সামির পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। তাঁকে ভবিষ্যতে টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করা হতে পারে।’এদিকে পাকিস্তানি নির্বাচকেরা আহমেদ শেহজাদের জায়গায় নিয়েছেন নাসির জামশেদকে। বিপিএলে চিটাগং কিংসের হয়ে প্রথম দিকে দারুণ পারফরম করলেও শেষ দিকে স্পট ফিক্সিংয়ের সন্দেহের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায়। এমনকি, বিপিএলের সময় ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি জুয়াড়ি সাজিদ খানও জিজ্ঞাসাবাদে নাসির জামশেদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা স্বীকার করেন।