শেহজাদে সওয়ার বরিশাল
দুদলের মধ্যকার প্রথম ম্যাচটাই যেন পুনরাভিনীত হলো। প্রথম ম্যাচের ক্যাচ মিসের ভূত ভর করল দুরন্ত রাজশাহীর ওপর। আর প্রথম ম্যাচে বরিশাল বার্নার্সের ক্রিস গেইলের বিধ্বংসীরূপে আবির্ভূত হলেন আহমেদ শেহজাদ। ক্যাচ মিসের মাশুলও দিতে হলো রাজশাহীকে। হারিকেন এক সেঞ্চুরি করে বরিশালকে ফাইনালে তুললেন শেহজাদ। চাইলে এই ম্যাচকে বলা যায় দুদলের সর্বশেষ ম্যাচের নির্মম প্রতিশোধও। চট্টগ্রামে বরিশালের ১৯২ রান তাড়া করে ১৭ বল বাকি থাকতেই জিতেছিল রাজশাহী। কাল বরিশাল রাজশাহীর ১৮৪ রান তাড়া করে ফেলল ২৪ বল আগে, ৮ উইকেট হাতে রেখেই!ক্রিস গেইল যাওয়ার পর থেকেই অবশ্য প্রায় নিয়মিতই ‘গেইল’ হয়ে উঠেছেন শেহজাদ। কাল ছাড়িয়ে গেলেন গেইলকেও। প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে গেইলের সেঞ্চুরি ছিল ৪৪ বলে, কাল শেহজাদের সেঞ্চুরি ৪০ বলে! ছয় ছক্কা আর দ্বিগুণ চারে ৪৯ বলে ১১৩ করে ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়েই।দল বাদ পড়েছে জেনে বিমানবন্দরে চলে গিয়েছিলেন ব্র্যাড হজ। গভীর রাতে সেখান থেকে ফিরে বরিশাল-অধিনায়ক কাল যোগ্য সঙ্গ দিলেন শেহজাদকে। ৪৭ বলে দুজনের ১০৩ রানের উদ্বোধনী জুটিতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় বরিশালের জয়। জুটিটা ভাঙতে পারত ম্যাচের দ্বিতীয় ওভারেই, যদি শন আরভিনের বলে স্কয়ার লেগে হজের ক্যাচটি নিতে পারতেন মনির। ২৩ রানে মিড উইকেটে শেহজাদের সহজ ক্যাচও ছেড়েছেন সাব্বির। নতুন জীবনে দুজনের ব্যাট হয়ে ওঠে আরও উন্মত্ত। ৩.৩ ওভারেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে বরিশাল, ৪ ওভার শেষে রান ৭০! পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাকের করা ইনিংসের চতুর্থ ওভারে টানা চারটি ছয়সহ ২৬ রান নেন শেহজাদ। এর আগে আরভিনের এক ওভার থেকে এসেছিল ২১। শেহজাদের তাণ্ডবে এমন রান প্রসবিনী ওভার এসেছে আরও বেশ কিছু। তিন চার ও পাঁচ ছয়ে ফিফটি করেছেন মাত্র ১৬ বলে। পরের পঞ্চাশে আর কোনো ছয় না থাকলেও বল লেগেছে মাত্র ২৪টি। ৭১ রানে শেহজাদকে আরেকবার ‘জীবন’ উপহার দেন তাইজুল। এই সুযোগে প্রথম ব্যাটসম্যান হিসেবে টুর্নামেন্টে ৪০০ রানের মাইলফলক পেরিয়ে যান শেহজাদ, ৪৫৮ রান করে ‘গ্রিন ক্যাপ’ এখন পাকিস্তানি ব্যাটসম্যানের মাথায়। বড় ইনিংস খেলতে না পারার দায় নিয়ে বাদ পড়তে হয়েছিল পাকিস্তান দল থেকে, বাংলাদেশে এশিয়া কাপ দিয়েই দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না।রাজশাহীর ১৮৪ রান করাটাই অবশ্য ছিল বড় এক বিস্ময়। ইয়াসির আরাফাত প্রথম ওভারেই যে তুলে নিয়েছিলেন শাহজাইব, জুনায়েদ ও স্যামুয়েলসকে! আরভিনকে নিয়ে অসাধারণ এক প্রতি-আক্রমণে রাজশাহীকে ম্যাচে ফিরিয়ে আনেন মুশফিক। খুব বেশি ঝুঁকি না নিয়েও যে আদর্শ টি-টোয়েন্টি ইনিংস খেলা যায়, কাল এটাই দেখিয়েছেন রাজশাহী-অধিনায়ক। চতুর্থ উইকেটে দুজন ১১০ রানের জুটি গড়েছেন ৭৩ বলে। মুশফিক (৩৩ বলে ৫৮) রানআউট হওয়ার পর দলকে বড় স্কোরে পৌঁছে দেন আরভিন (৬১ বলে ৮২)। কিন্তু শেহজাদ-তাণ্ডবের কাছে তুচ্ছ হয়ে গেছে ১৮৪ রানের ‘বড়’ সংগ্রহও।সংক্ষিপ্ত স্কোরদুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১৮৪/৬ (শাহজাইব ২, জুনায়েদ ০, স্যামুয়েলস ০, আরভিন ৮২, মুশফিক ৫৮, রাজ্জাক ৩২*, সাব্বির ০, সামি ৬*; আরাফাত ৩/৩০, কবির ১/৩৮)। বরিশাল বার্নার্স: ১৬ ওভারে ১৮৯/২ (শেহজাদ ১১৩*, হজ ৩৩, মাস্টার্ড ৩৩, নাজমুল ৫*; সাব্বির ১/৯, সাকলাইন ১/৩১)। ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আহমেদ শেহজাদ।