শেহজাদের জবাব সেঞ্চুরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলতে গেলে আহমেদ শেহজাদ কাল একাই হারিয়ে দিলেন বাংলাদেশকে। দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করার পথে পাকিস্তান ওপেনারের একটি শট। কাল মিরপুর স্টেডিয়ামে । প্রথম আলো
বলতে গেলে আহমেদ শেহজাদ কাল একাই হারিয়ে দিলেন বাংলাদেশকে। দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করার পথে পাকিস্তান ওপেনারের একটি শট। কাল মিরপুর স্টেডিয়ামে । প্রথম আলো

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে পাকিস্তানের সেঞ্চুরি ছিল না একটিও। কাল পাকিস্তানকে সেই উপহারটি দিলেন আহমেদ শেহজাদ। তা এমন গৌরবের অর্জন তিনি কাকে উৎসর্গ করতে চান? সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই যেন ক্ষোভ-হতাশা-আনন্দ সব একসঙ্গে বের করে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন পাকিস্তানি ওপেনার, ‘যারা আমাকে ভালোবাসে এবং আমার সমালোচনা করে, এই সেঞ্চুরি তাদের জন্য উৎসর্গ করতে চাই। যারা আমার সম্পর্কে বাজে মন্তব্য করেছে, এটা তাদের জন্য আমার একটা উপহার। উপহার পাকিস্তানের জন্যও।’
বাংলাদেশের বিপক্ষে কালকের সেঞ্চুরি দিয়ে তিন সংস্করণের ক্রিকেটেই পাকিস্তানের একমাত্র সেঞ্চুরিয়ান হয়ে গেলেন শেহজাদ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ২২ আর ৫ রান করার পর পাকিস্তানের সংবাদমাধ্যমে ভালোই সমালোচনা হয়েছে তাঁর। সেঞ্চুরি করে যেন জবাব দিলেন সব সমালোচনার। ‘প্রথম দুই ম্যাচে ভালো না খেলায় আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। এটা এমনই এক খেলা, ভালো না খেললে আপনার ওপর চাপ আসবেই। তবে নিজেকে চেনানোর সময়ও এটাই। আমি শুধু নিজের পরিকল্পনায় ঠিক থেকেছি। কোচ-অধিনায়কও আমাকে সমর্থন দিয়ে গেছেন। তাঁদের ধন্যবাদ’—কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলছিলেন শেহজাদ।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরির সুযোগটা তিনি পেয়েছিলেন গত বছরের আগস্টেই। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে হারারের সে ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করে শেহজাদ অপরাজিত থাকেন ৯৮ রানে। অবশ্য সেঞ্চুরি না পেলেও হারারের সেই ইনিংসটাকে স্মৃতির পাতায় আলাদা মর্যাদা দিচ্ছেন তিনি, ‘দলে আমার অবস্থান তখন ভালো ছিল না। সেঞ্চুরি না পেলেও ওই সময়ে ও রকম একটা ইনিংস খেলে খুব ভালো লেগেছিল।’ আর কাল ৭০ রান হওয়ার পর থেকেই মাথায় সেঞ্চুরির চিন্তা ঘুরতে থাকে এবং চিন্তাটা শেহজাদের মধ্যে ঢুকিয়ে দেন ব্যাটিং সঙ্গী শোয়েব মালিক, ‘শোয়েব মালিক বললেন সেঞ্চুরিটা চাইলে সহজেই করে ফেলতে পারি। আমার পরিকল্পনা ছিল পুরো ২০ ওভার ব্যাট করা। অধিনায়কের কাছ থেকেও এই বার্তাই পেয়েছিলাম।’
বাংলাদেশের ব্যাটসম্যানরা শেহজাদের ১১১ রানের ইনিংস থেকে শিখতে পারেন অনেক কিছুই। নিজের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে তো টি-টোয়েন্টি ব্যাটিংয়ের একটা ক্লাসই নিয়ে ফেললেন তিনি, ‘আমার পরিকল্পনা ছিল বোলারদের বিভ্রান্ত করা। এখন বোলাররাও অনেক চালাক, তাঁদেরও পরিকল্পনা থাকে। কাজেই চেষ্টা করতে হবে, আপনি কী করতে যাচ্ছেন সেটা যেন তাঁরা আগে থেকে বুঝে না যান। আমি কিছু শট খেলার চেষ্টা করেছি, সেগুলোতে হয়তো সফল হইনি। তবে ওটার কারণে অধিনায়ক বাধ্য হয়েছেন ফিল্ডিংয়ে পরিবর্তন আনতে। আর এর পরই তো আমি দুটো চার মারলাম। সবাইকে বুঝতে হবে, এটাই টি-টোয়েন্টি ক্রিকেট।’
বিপিএল আর প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার সুবাদে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও পরিচিত নাম আহমেদ শেহজাদ। বাংলাদেশের অনেক ক্রিকেটারের সঙ্গে আছে ভালো বন্ধুত্বও। টি-টোয়েন্টির ব্যাটিং নিয়ে বন্ধুপ্রতিম এই ‘প্রতিপক্ষের’ কথাগুলো নিশ্চয়ই মনে রাখবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।