শেহজাদের শতকে পাকিস্তানের বড় সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নিগ্ধ-শান্তভাবেই আহমেদ শেহজাদের শতক উপদযাপন
স্নিগ্ধ-শান্তভাবেই আহমেদ শেহজাদের শতক উপদযাপন

মালিঙ্গার শর্ট বলে আলতো পুলে ফাইন লেগে বল পাঠিয়েই ব্যাটটি উঁচিয়ে ধরলেন। কিছুক্ষণ পর হেলমেটও খুলে ফেললেন। গ্যালারিতে তখন তুমুল হর্ষধ্বনি। তবে গত মাসে করা পোর্ট এলিজাবেথের সেঞ্চুরির মতো বুনো উদযাপন নয়, বরং স্নিগ্ধ-শান্তভাবেই ওয়ানডে ক্যারিয়ারের চুতর্থ সেঞ্চুরি উপদযাপন করলেন আহমেদ শেহজাদ। মূলত তাঁর সেঞ্চুরির ওপর ভর করে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভালো পুঁজি পেয়েছে পাকিস্তান। ৫০ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৫।

এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। অধিনায়ক ম্যাথুসের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পাকিস্তানের মাত্র ৮ রানের মাথায় ওপেনার শারজিল খানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মালিঙ্গা। ধাক্কা দ্রুতই সামলে ওঠেন মোহাম্মদ হাফিজ ও শেহজাদ। এ জুটিতে আসে ৭৬ রান। ৩২ রান করে হাফিজ রান আউটে কাটা পড়ার পর শোহেব মাকসুদকে নিয়ে এগিয়ে যান শেহজাদ। তৃতীয় উইকেট জুটিতে ৪৪ রান তুলে মাকসুদ (১৮) ফেরেন প্রসন্নের শিকার হয়ে।

পাকিস্তানের ইনিংসের মূল আকর্ষণ এর পরই। অধিনায়ক মিসবাহ-উল-হকের জোরালো সমর্থনে শেহজাদ এগিয়ে যান তরতরিয়ে। এই জুটিতে আসে ১০৫ রান। ইনিংসের ৪১তম ওভারে শেহজাদ পেয়ে যান তাঁর আরাধ্য শতক। কুলাসেকারার বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ক্যারিয়ারসেরা ১২৪ রান। ওদিকে ‘মিস্টার ফিফটি’ মিসবাহ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক। ইনিংসের শেষ দিকে গত ম্যাচের মতো আবারও আফ্রিদিতাণ্ডব। আফ্রিদি এদিন করলেন অপরাজিত ৩০, মাত্র ১৫ বলে! দুইবার বল আকাশে উড়িয়ে পাঠালেন দড়ির ওপারে। মিসবাহ অপরাজিত ছিলেন ৫৯ রানে। পাকিস্তান শেষ ১০ ওভারেই তোলে ৯২ রান।

লঙ্কান অধিনায়ক আট বোলার ব্যবহার করেও পাকিস্তানের রানের চাকা স্লথ করতে পারেননি। কুলাসেকারা, মালিঙ্গা, প্রসন্ন প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট। তবে পাকিস্তানি ব্যাটসম্যানরা তুলনামূলক বেশি চড়াও হয়েছেন মালিঙ্গার ওপর। মালিঙ্গার ১০ ওভারেই তুলেছেন ৭৮ রান। শেষ দিকে মালিঙ্গার দারুণ ইয়র্কারকেও চার-ছয়ে পরিণত করেছেন শেহজাদ ও মিসবাহ!