শেহজাদের সেঞ্চুরিতে পাকিস্তান ২-০
‘টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। ভিকি ভাই, আকিব ভাই, শহীদ ভাই...শহীদ ভাই তো অসাধারণ, অনুকরণীয় একজন, আমাকে যেভাবে সমর্থন দিয়ে গেছেন...’সেঞ্চুরি করে দলকে জেতানো বা ম্যাচ-সেরার অনুভূতি বলবেন কী, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আহমেদ শেহজাদ কোচ, সহকারী কোচ ও অধিনায়কের কাছে কৃতজ্ঞতা জানানোর লম্বা একটা তালিকা বলা শুরু করলেন। এটাই অবশ্য হওয়ার কথা। ওই সমর্থনটা না পেলে তো দলে জায়গাই হয় না, সেঞ্চুরি তো বহু দূর!ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের দুর্দান্ত সেঞ্চুরিটার পরপরই ব্যাট থেকে রান উধাও। বিশ্বকাপে জায়গাই হারালেন একাদশে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার তা ফিরে পেলেন কীভাবে, এটাই ছিল বিস্ময়ের। প্রথম ম্যাচে করলেন মাত্র ২২। সর্বশেষ ৭ ইনিংসে ওটাই ছিল আবার সর্বোচ্চ! সমালোচকদের হাতে অস্ত্রের অভাব নেই। বাইরে বসে আছেন তৌফিক উমরের মতো অভিজ্ঞ ওপেনার। প্রতিভা নিয়ে সংশয় ছিল না বলেই ওয়াকার-আফ্রিদিরা সমর্থন দিয়ে গেছেন। কিন্তু ধৈর্যের তো একটা শেষ আছে! পরশুর ম্যাচটি তাই নিশ্চিতভাবেই ছিল শেষ সুযোগ। সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন শেহজাদ! ১৯ বছর বয়সী ওপেনারের সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতে সিরিজে ২-০-তে এগিয়ে গেছে পাকিস্তান। প্রথম ম্যাচের চেয়ে ১ রান কম করেও পাকিস্তানের উইকেট একটি বেশি নিতে পেরেছে, এটাই হয়তো ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রাপ্তি!শেহজাদের অবশ্য সবার আগে কৃতজ্ঞতা জানানো উচিত তাঁর দলের স্পিনারদের। সেঞ্চুরি পেয়েছেন ঠিকই, কিন্তু নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। স্পিনাররা উইন্ডিজকে ২২০ রানে আটকে রাখতে পেরেছিলেন বলেই না প্রচুর বল নষ্ট করা, সময় নিয়ে খেলার মতো বিলাসিতা দেখাতে পেরেছেন! হাফিজ, আফ্রিদি ও আজমল—পাকিস্তানের তিন স্পিনারের ৩০ ওভারে এসেছে মাত্র ১০২ রান, প্রত্যেকেরই দুটি করে উইকেট। ৪৭ বলে ফিফটি করা লেন্ডল সিমন্স চেষ্টা করেছিলেন শেকল ভাঙার। কিন্তু ফিফটির পরের বলেই সিমন্সের আউটের পর সপ্রতিভ চেহারায় দেখা যায়নি কোনো ক্যারিবিয়ান ব্যাটসম্যানকেই। ২২০ হয়েছে কেমার রোচ আর অভিষিক্ত অ্যান্থনি মার্টিনের ২৭ রানের শেষ উইকেটজুটিতে।ছোট টার্গেট, তাই তাড়া ছিল না পাকিস্তানের ব্যাটসম্যানদেরও। এমনিতে স্ট্রোকপ্রিয় শেহজাদ তাই ফিফটি করতে খেলেছেন ৯৪ বল, ১৪৩ বলে সেঞ্চুরি। আবারও পাকিস্তানের দুই ওপেনারকে আউট করেছেন দেবেন্দ্র বিশু, আরেক লেগ স্পিনার মার্টিনও অভিষেকে খারাপ করেননি। কিন্তু ২২০ রান যে জেতার জন্য বড্ড কম!পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি হবে আগামীকাল, ব্রিজটাউনে।