
ওয়ানডে ক্রিকেটে অভিষেক ২০০৯-এর এপ্রিলে। সেই থেকে দলে আসা-যাওয়ার মধ্যে থাকা আহমেদ শেহজাদ পৌনে চার বছরে খেলেছেন ৪০টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি। ওয়ানডে বিশেষজ্ঞের তকমা গায়ে প্রায় লাগিয়ে ফেলেছিলেন এতেই! টেস্ট দলে যে ডাকই পাচ্ছিলেন না।
অবশেষে তাঁর টেস্ট স্বপ্নটা সত্যি হয়েছে এই শ্রীলঙ্কা সিরিজে। কিছুদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জায়গা পেয়েছেন পাকিস্তানের টেস্ট দলে। আবুধাবিতে প্রথম টেস্টে ৩৮ ও ৫৫ রানের ইনিংস খেলে ভালো কিছুর আভাসও দিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও (৩ ও ৯) শেহজাদ তৃতীয় টেস্টেই পেয়ে গেলেন টেস্ট সেঞ্চুরি। তবে শেহজাদের প্রথম টেস্ট সেঞ্চুরি সত্ত্বেও দিন শেষে পাকিস্তান অনেকটাই পিছিয়ে।
রানের হিসাবে তো বটেই; পাকিস্তান পিছিয়ে ম্যাচের সার্বিক অবস্থা বিবেচনাতেও। দুবাইয়ে ৯ উইকেটের জয়ে শ্রীলঙ্কা সিরিজে ১-০তে এগিয়ে। সিরিজ নিশ্চিত করতে শারজায় শ্রীলঙ্কা উচ্চাভিলাষী নয়, সেটি ব্যাটিংয়েই বোঝা গেছে। কিন্তু সিরিজ বাঁচাতে জিততে হবে জেনেও পাকিস্তানও দিনের বেশির ভাগ সময় হাঁটল ধীরে চলো নীতিতে! শেহজাদের সেঞ্চুরি, শতরানের ওপেনিং জুটি, শেষ সেশনে ১২২ রান সত্ত্বেও তাই দিন শেষে পাকিস্তানের রান ৬ উইকেটে ২৯১।
টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ১৩৭ রান পিছিয়ে। সিরিজ বাঁচানো জয়ের কথা ভুলে পাকিস্তান বড় জোড় ম্যাচ বাঁচানোর আশাই করতে পারে! কাল প্রথম সেশনে কোনো উইকেট পড়েনি। তবে শেহজাদ-খুররম মনজুর ২৯ ওভারে যোগ করেন ৬৬। স্কোর বোর্ডে ১০০ উঠতেই লেগে যায় ৪৩.৩ ওভার! ৪৩ রানে জীবন পাওয়া শেহজাদ ফিফটি করেন ১৫০ বলে, মনজুর ১২০ বলে। দ্বিতীয় সেশনে ২ উইকেট হারিয়ে ২৯ ওভারে ৮৪ রান। শেহজাদ পরে একটু চালিয়ে খেলেছেন বলেই সেঞ্চুরি ২৩০ বলে। শেষ পর্যন্ত ২৭৫ বলে ১৪৭। মিডল অর্ডার ব্যাটসম্যানরাও ব্যর্থ। শেষ সেশনে ৪ উইকেট তুলেছেন শ্রীলঙ্কান বোলাররা। এর তিনটিই অফস্পিনার হেরাথের। যার মধ্যে আছে শেহজাদের উইকেটও। পাকিস্তানের ভরসা হয়ে অধিনায়ক মিসবাহ আছেন উইকেটে, অপরাজিত তিনি ৩৬ রানে। তথ্যসূত্র: ক্রিকইনফো।