শোকের দিনে বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুম্মন লুসাইয়ের না-ফেরার দেশে চলে যাওয়ার দুঃসংবাদটা বাংলাদেশ দল জানল ঠিক ম্যাচ শেষ হওয়ার পরপর। বিদেশ বিভুঁইয়ে শোকে কাতর হলেন সবাই। মেক্সিকোর বিপক্ষে খানিক আগে পাওয়া ৬-১ গোলের বড় জয়টা তাই পূর্বসূরিকেই উৎসর্গ করলেন জিমি-কৃষ্ণরা।
দেশের হকির জন্য কালকের দিনটা হতে পারত আনন্দের। কিন্তু জুম্মন লুসাইয়ের প্রয়াণে সব ছাপিয়ে তা হলো বিষাদময়। তার পরও বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের মতো প্রতিযোগিতায় এমন বড় জয় পাওয়ার তৃপ্তিটাও কম নয়।
বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে মেক্সিকো (৩৫) পাঁচ ধাপ পিছিয়ে, সেই হিসাবে লাল-সবুজ দলেরই জয় পাওয়া উচিত ছিল। কিন্তু আগের ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হারের ক্ষত, আগে কখনোই মেক্সিকোর সঙ্গে না খেলা, এসবও মনস্তাস্ত্বিক একটা বাধার দেয়াল বাংলাদেশের সামনে তৈরি করেছিল। তবে আগের দিন পোল্যান্ডের কাছে মেক্সিকোর ৬-০ গোলে উড়ে যাওয়ার ভিডিওটা দেখে নাকি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন চয়ন-মিমোরা।
কিন্তু প্রথম কোয়ার্টার গোলশূন্য কাটানোর পর দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে অ্যালেক্সিস ক্যামপেলোর ফিল্ড গোলে এগিয়ে যায় মেক্সিকো। পিছিয়ে পড়ে তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই অন্য চেহারায় বাংলাদেশ। এই কোয়ার্টারে গোল আসে চারটি। পেনাল্টি কর্নারে ১-১ করেন ফরোয়ার্ড সারোয়ার। ম্যাচে তাঁর গোল তিনটি। জিমির দুটি, মিমো করেছেন অন্যটি।
বাংলাদেশের প্রথম গোলটাই শুধু পেনাল্টি কর্নারে, বাকিগুলো ফিল্ড গোল। জিমিকে জাপান ম্যাচে মাঝমাঠে খেলানো হয়েছিল, এদিন ছিলেন আক্রমণভাগে। মাঝমাঠ থেকে প্রচুর আক্রমণ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে তৎপর ছিলেন আক্রমণভাগের খেলোয়াড়েরা। জিমি এগিয়ে নেন দলকে, মিমো করেন ৩-১। দলের চতুর্থ গোল আসে জিমির স্টিকে, শেষ কোয়ার্টারে দুই গোল সারোয়ারের।
আগামীকাল বাংলাদেশের শেষ গ্রুপ প্রতিপক্ষ শক্তিশালী পোল্যান্ড। ১৮তম র্যাঙ্কিংয়ে থাকা এই দলটি কাল জাপানকে হারিয়েছে ৩-২ গোলে। সুতরাং পোল্যান্ড বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষাই নেবে। এই ম্যাচের ওপরই অনেকটা নির্ভর করছে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠা না-ওঠা।
সিঙ্গাপুরে ফোন করে জানা গেল, মেক্সিকো ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। তবে মাঠে নেমে পরিকল্পনা অনুযায়ী খেলার ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন কোচ গোবিনাথান। আশার কথা, বাংলাদেশ দল কাল পরিকল্পনা অনুযায়ী প্রথম দুই কোয়ার্টারে খেলতে না পারলেও পরে গুছিয়ে নিয়েছে।
বল দখলে সব সময় এগিয়ে ছিল বাংলাদেশ। রক্ষণ জমাট থাকায় প্রথম কোয়ার্টারে বেশি কিছু আক্রমণ গড়েও গোল আদায় করতে পরেনি মেক্সিকো। গোলরক্ষক অসীমও খেলেছেন আস্থার সঙ্গে। বছর খানেক নিষিদ্ধ থাকা জিমি মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই গোল করে দিলেন চেনা চেহারায় ফেরার আভাস।