শোক-শ্রদ্ধায় এক শাপেকো-মেডেলিন
>ছোট্ট এক শহরের ছোট্ট এই ক্লাবটির নাম কিছুদিন আগেও ব্রাজিলের বাইরে খুব কম মানুষই জানত। সেই শাপেকোয়েনসকে এখন সারা বিশ্বের মানুষ চেনে। মাত্র ৯ হাজার সদস্যের ক্লাবটিতে এক দিনেই সদস্য হতে আবেদন পড়েছে ১৩ হাজার। ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রায় পুরো ফুটবল দলকে হারিয়ে ফেলেছে ব্রাজিলের ক্লাবটি। লিগের শেষ ম্যাচটি খেলার জন্য ১১ জনই আর নেই। শাপেকোয়েনস এখন প্রতিদিনই যেন লিখে চলেছে আনন্দ-বেদনার কাব্য

অবসর
২০০৬ সালে শাপেকোয়েনসে এসেছেন নিভালদো। অপেক্ষায় ছিলেন অসাধারণ একদিনের। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় দুর্দশার সময়টাতে যোগ দিয়ে দেখেছেন এর উত্তরণ। ৪২ বছর বয়সী এই গোলরক্ষককে ৪ ডিসেম্বর তাঁর ক্লাব সম্মান জানাতে চেয়েছিল অ্যাটলেটিকো মিনেইরো ম্যাচে। ঘরের মাঠে ক্লাবের হয়ে ৩০০তম ম্যাচটি খেলেই অবসরে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ২৮ নভেম্বরের ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবকিছুই বদলে গেল। দলের ১৯ জন ফুটবলারই হারিয়ে গেল পৃথিবী থেকে! নিভালদো এখন ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবতেই চান না। ফুটবলকেই বিদায় বলে দিলেন!
৯০ মিনিটের নীরবতা
২০১৩ সালের পর উপমহাদেশীয় প্রতিযোগিতায় ব্রাজিলের কোনো ক্লাব ফাইনালে, সেটাও রূপকথা লিখে। ৩০ নভেম্বর রাতটা নিয়ে অনেক বড় পরিকল্পনা ছিল টিভি চ্যানেল ফক্স স্পোর্টস ব্রাজিলের। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ। বিধ্বস্ত ওই বিমানে ফক্স স্পোর্টসের ছয় সাংবাদিকও ছিলেন। চ্যানেলটি নিল তাই অভূতপূর্ব এক উদ্যোগ। পরশু ঠিক যে সময় ম্যাচটি হওয়ার কথা ছিল, সে সময় চ্যানেলটির পর্দা অন্ধকার করে দেওয়া হয়। শুধু পর্দার বাঁ দিকে দুই দলের নাম ও স্কোরলাইনের ঘরগুলো দেখা যাচ্ছিল। ম্যাচের ঘড়িটাও চলেছে পুরো ৯০ মিনিট। ৪৫ মিনিটের বিরতিতে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয় হারিয়ে যাওয়া ওই ছয় সাংবাদিকের সঙ্গে।
কাভানির ১০০
পরশু প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়ে ১০০তম গোল করে হলুদ কার্ড দেখেছেন এডিনসন কাভানি। তাতেও তাঁর কোনো দুঃখ নেই। কারণ নিজের মাইলফলক গোলটি করে জার্সি খুলে শাপেকোয়েনস-ট্র্যাজেডির নায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জার্সি খুললে রেফারিকে হলুদ কার্ড দেখাতেই হয়। রেফারি সেটাই করেছেন। কাভানির কথা, ‘রেফারি বলেছেন, কাজটি দারুণ ছিল। আর যে বার্তা দিয়েছি সেটাই গুরুত্বপূর্ণ, হলুদ কার্ড কিছুই না।’
যে কারণে দুর্ঘটনা
দুর্ঘটনার পর বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হলেও তা থেকে এখনো তথ্য বিশ্লেষণ করা যায়নি। তবে বেঁচে যাওয়া ফ্লাইট অ্যাটেনড্যান্ট বলেছিলেন জ্বালানি শেষ হয়ে যাওয়াতেই এমন দুর্ঘটনা। পরশু কলম্বিয়ান মিডিয়ায় ছড়িয়ে পড়া এক অডিও বার্তায় বিমানটির চালক মিগুয়েল কুইরোগার শেষ বার্তাটি শোনা গেছে, ‘ম্যাডাম, লামিয়া ২৯৩৩-এর বৈদ্যুতিক ব্যবস্থা পুরো নষ্ট হয়ে গেছে, কোনো জ্বালানিও নেই!’ বোগোতাতে জ্বালানি নেওয়ার কথা থাকলেও ওই চালকই সেটি করেননি।
যেখানে সবাই এক
এস্তাদিও আতানাসিও হিরাদতে হওয়ার কথা ছিল অ্যাটলেটিকো ন্যাসিওনাল ও শাপেকোয়েনসের ম্যাচটি। ৩০ নভেম্বর ম্যাচটি তো হতেই পারল না। তবে দর্শক ঠিকই এসেছিলেন। কানায় কানায় পূর্ণ গ্যালারির সবাই শাপেকোয়েনসের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা। মেডেলিন থেকে প্রায় ৩ হাজার মাইল দূরে ঠিক একই সময়ে আরেকটি মাঠেও ছিল দর্শকে ঠাসা। শাপেকোর অ্যারেনা কোন্দা স্টেডিয়াম। ভক্ত-সমর্থকেরা মোমবাতি জ্বালিয়ে, সবুজ বেলুন উড়িয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁদের নায়কদের।
সূত্র: রয়টার্স, এএফপি, ইনডিপেনডেন্ট।