শেয়াবাজারে অব্যাহত দরপতন, বিক্ষোভ-ভাঙচুর, আটক ৮
শেয়ারবাজারে অব্যাহত দরপতনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ-সংলগ্ন (ডিএসই) এলাকা। বিনিয়োগকারীরা নিজেদের পুঁজি হারানোর আশঙ্কায় রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষিপ্ত বিনিয়োগকারীরা অন্তত ১০টি যানবাহনে ভাঙচুর চালায়। এতে মতিঝিলের গোটা বাণিজ্যিক এলাকা স্থবির হয়ে পড়ে। পুলিশ বিনিয়োগকারীদের সরাতে কয়েক দফা লাঠিপেটা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিনিয়োগকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিপেটা অন্তত ২০ জন বিনিয়োকারী ও পথচারী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ আটজনকে আটক করেছে। পরে পুলিশ গোটা এলাকার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৭২ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এর পর থেকে দরপতন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। বিকেল তিনটায় লেনদেনের শেষ মুহূর্তে সাধারণ সূচক গতকালের চেয়ে ২১৩ পয়েন্ট নিচে নেমে যায়।এতে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে পুঁজি হারানোর আশঙ্কায় রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসই ভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। তাঁরা ডিএসই ও এসইসির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করেন। এ সময় একদল বিনিয়োগকারী মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে গেলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে।পুলিশের ধাওয়া খেয়ে বিনিয়োগকারীরা মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত বিভিন্ন ভবন ও রাস্তার পাশে জড়ো হয়। এ সময় পুলিশের একটি দল শাপলা চত্বর থেকে এবং আরেকটি দল ইত্তেফাক মোড় থেকে বিনিয়োগকারীদের লাঠিপেটা শুরু করে। ইত্তেফাক মোড়ে পুলিশ দুটি টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ ডিএসইর বিপরীত পাশে অবস্থিত মধুমিতা ভবনে ঢুকে ব্যাপক লাঠিপেটা করে। পুলিশের লাঠিপেটা অন্তত ২০ জন আহত হন। পুলিশ সেখান থেকে আরও চারজনকে আটক করে। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ গোটা এলাকার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন মামুন, ফয়সাল, আকবর আলী, মোবারক হোসেন, মাহমুদ, বাদশা, মিলন ও শহীদুল ইসলাম। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিজেদের পথচারী হিসেবে দাবি করেন।পুলিশের হাতে আটক আকবর আলী জানান, তিনি বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে অতর্কিতে আটক করেছে। তবে আটক হওয়া আরেকজন জানান, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়ে পুলিশ কয়েকজনকে আটক করে।ডিএমপির মতিঝিল জোনের এডিসি মনিরুজ্জামান বলেন, কিছু বিনিয়োগকারী রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর, চলাচলে বিঘ্ন সৃষ্টি ও জানমালের ক্ষতি সাধন করায় কয়েকজনকে আটক করা হয়েছে।কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ করেন, শেয়ারবাজারে কিছু গেম্বলার ঢুকে পড়েছে, যাঁরা শেয়ারবাজার নিয়ে খেলায় মেতেছেন। ইচ্ছাকৃতভাবে শেয়ারবাজারে বারবার দরপতন ঘটনো হচ্ছে, যাতে সাধারণ বিনিয়োকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন বিনিয়োগকারীরা।বাজার পরিস্থিতি: আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১৩ দশমিক ২১ পয়েন্ট বা ২ দশমিক ৬৮ শতাংশ কমে ৭৭৩৫ দশমিক ২২ পয়েন্টে দাঁড়ায়। এ নিয়ে চার দিন ধরে ডিএসইতে দরপতন ঘটল। চার দিনে সূচক কমেছে প্রায় ৫৭০ পয়েন্ট। আজ ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টি প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে মাত্র ১২টির এবং চারটি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে ৯৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৩০ হাজার ৪৭২ কোটি টাকা।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ দরপতন হয়েছে। সিএসই সাধারণ মূল্যসূচক ৪৯১ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ২২০০৩ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে।