শোক ও উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে ডিয়েগো ম্যারাডোনার নিয়োগেই তাঁদের ঘোরতর আপত্তি ছিল। ম্যারাডোনার দল নির্বাচনকেও সঠিক বলে মনে করছিল না আর্জেন্টাইন সংবাদমাধ্যম। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই তারা ম্যারাডোনার প্রশস্তিতে মেতে উঠেছিল। সেই প্রশস্তি থেমে গেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম আবার ম্যারাডোনার মুণ্ডুপাত শুরু না করলেও, লজ্জার এই বিদায়টা মেনে নিতে পারছে না। সে দেশের দৈনিকগুলো বড় বড় করে ছেপেছে নিজেদের অবমাননাকর বিদায়ের খবর।দৈনিক পত্রিকা ক্লারিন লিখেছে, ‘বিশাল ধাক্কা খেয়ে বাড়ি ফিরছে আর্জেন্টিনা।’ সঙ্গে লিখেছে, ‘তীক্ষ বুদ্ধির চিরশত্রুদের কাছে হেরেছে তারা।’ পত্রিকাটি ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে বলেছে, মেসিকে ঠিকমতো ব্যবহার করা হয়নি, ‘সে বলের জন্যই বেশির ভাগ সময় অপেক্ষা করল। যদিও কয়েকবার করে ফুঁড়ে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জার্মানরা পুরোটা সময়ই ওদের নিজেদের মুঠোয় পুরে রেখেছিল। পূর্ণ বিকশিত একটা পারফরম্যান্স এবং একটাও গোল ছাড়াই তাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো।’আর্জেন্টাইন পত্রিকা ওলে শিরোনাম করেছে ‘খুবই দৃঢ় জার্মানিতে বিধ্বস্ত আমরা’। লা ন্যাসিওন শিরোনাম করেছে, ‘ওরা আমাদের সব দুর্বলতা উন্মোচন করে আমাদের নগ্ন করে ছাড়ল’। লা ন্যাসিওন পত্রিকা ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে লিখেছে, ‘জার্মানরা আর্জেন্টিনার দুর্বলতাগুলো প্রকাশ্যে নিয়ে এসেছে। কার্লোস তেভেজ, মেসি বা হিগুয়েইন জার্মানদের কোনো প্রশ্নের কোনো জবাব দিতে পারলেন না।’ওলে পত্রিকার অনলাইন সংস্করণে শিরোনাম করা হয়েছে, ‘হাসি ও কান্না’। তারা লিখেছে, ‘চার বছর আগের সেই পরাজয়ের চেয়ে এই পরাজয় জঘন্য। কারণ, এবার তারা আগেই গোল করে ফেলল এবং ডিয়েগো এর কোনো জবাব দিতে পারলেন না।’আর্জেন্টাইন পত্রিকাগুলো ‘জবাব’ খুঁজে বেড়াচ্ছে। আর সব জবাব এই ম্যাচে পেয়ে গেছে জার্মান সংবাদমাধ্যম। ডের স্পিয়েগেল পত্রিকার অনলাইন সংস্করণ লিখেছে, ‘জার্মানির এগারো জন ছিন্নভিন্ন করে দিল ম্যারাডোনার আর্জেন্টিনাকে।’ বিল্ড পত্রিকার শিরোনাম করা হয়েছে জার্মান খেলোয়াড়দের লক্ষ্য করে, ‘আমরা তোমাদের জন্য গর্বিত। তোমরা এই দুনিয়ার মানুষ নও’।এক্সপ্রেস লিখেছে, ‘লগির (জোয়াকিম লো) ছেলেরা গাউচোদের (দক্ষিণ আমেরিকান) বাড়ি পাঠিয়ে দিয়েছে।’ জার্মানির অন্যতম বৃহৎ ক্রীড়া পত্রিকা ক্লিকার আবার মেতেছে ক্লোসা-বন্দনায়। তারা শিরোনাম করেছে, ‘আলবিসেলেস্তেদের (আর্জেন্টিনার) মোহমুক্তি ঘটালেন ক্লোসা’। মোহমুক্তিই তো, নাকি?