শোক-শঙ্কা উড়িয়ে ৮ গোলের ম্যাচ
বাইরের ঘটনাপ্রবাহ থেকে সবার মনোযোগ মাঠে ফেরাতে যা প্রয়োজন ছিল, আফ্রিকান নেশনস কাপের উদ্বোধনী ম্যাচটা হয়েছে ঠিক তেমনটাই। ৪-০ গোলে পিছিয়ে থেকেও স্বাগতিক অ্যাঙ্গোলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে মালি। পরাজয়ের সমান এক ড্রয়ের পরও অবশ্য আয়োজকদের মন খুব বেশি খারাপ হওয়ার কথা নয়। সবাই অন্তত এখন ফুটবল নিয়ে তো কথা বলছে!টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো ডস সান্টোস বললেন, ‘এ ঘটনায় আমরা শোকাহত, কিন্তু কাবিন্দায় টুর্নামেন্ট এগিয়ে যাবে।’ তবে বলা যত সহজ, বাস্তব তত সহজ না। চারদিকে শোকের আবহ, এক দিকে মাঠে গড়াচ্ছে ফুটবল, আরেক দিকে দেশে ফিরে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট টোগো, দক্ষিণ আফ্রিকার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টোগোর গোলরক্ষক কোদজোভি ওবিলালে। টুর্নামেন্টকে ঘিরে ধরেছিল অনিশ্চয়তা। কিন্তু ফুটবল যখন তার সব সৌন্দর্য মেলে ধরে, মনোযোগ তখন কি আর অন্যদিকে থাকে!শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয়েছিল ম্যাচ। দর্শকে ঠাসা ৫০ হাজার ধারণক্ষমতার লুয়ান্ডার স্টেডিয়ামে এক মিনিটের জন্য নেমে এসেছিল পিনপতন নীরবতা। ৮ গোলের ম্যাচে প্রথম ৩৫ মিনিট শেষেও স্কোরলাইন ছিল ০-০। ৩৬ ও ৪২ মিনিটে দুই গোল করে স্বাগতিকদের ২-০ গোলে এগিয়ে দেন স্ট্রাইকার ফ্লাভিও আমাদো। দ্বিতীয় গোলটির পর তো নিজের গাম্ভীর্যের কথা ভুলে গ্যালারিতে শিশুর মতো লাফিয়ে উঠলেন অ্যাঙ্গোলার ফার্স্ট লেডি।৬৭ ও ৭৪ মিনিটে গিলবার্তো এবং মানুচোর দুটি পেনাল্টি গোল অ্যাঙ্গোলাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেওয়ার পর টুর্নামেন্টের ইতিহাসে তাদের তৃতীয় জয়টাকে মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। কিন্তু ‘ঝড়’ উঠল এর পর, ঝড় কেন টর্নেডো! ৭৯ ও ৮৮ মিনিটে দুটি গোল করেন মালির সেরা দুই তারকা সেইডু কেইটা ও ফ্রেডেরিক কানুটে। নির্ধারিত ৯০ মিনিট শেষেও অ্যাঙ্গোলার জয় ছাড়া অন্য কিছু ভাবা যায়নি। কিন্তু ৯৩ মিনিটে কেইটার দ্বিতীয় গোল এবং পরের মিনিটেই ইয়াত্তাবারের গোল স্তম্ভিত করে দেয় স্বাগতিকদের।ম্যাচ শেষে এমন ড্রয়ের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না অ্যাঙ্গোলার অধিনায়ক কালি আলোনসো, চরম হতাশ কোচ হোমে ম্যানুয়েলও, ‘ড্রটা আমার কাছে মনে হচ্ছে পরাজয়। আমার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার একটি।’ আর মালির কোচ ও ১৯৯৪ নেশনস কাপজয়ী নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন কেসি একই সঙ্গে খুশি ও অসন্তুষ্ট, ‘খেলায় ফিরতে পারব, এটা বিশ্বাস করা ছিল কঠিন। আমার অনুভূতিটা মিশ্র, ড্রতে খুশি, কিন্তু দলের সার্বিক পারফরম্যান্সে হতাশ।’এদিকে একটি বিশেষ বিমানে করে পরশুই দেশে পৌঁছেছে টোগো দল। লোম বিমানবন্দরে প্রধানমন্ত্রী গিলবার্ট হঙ্গবোসহ মন্ত্রিসভার সদস্যরা তাঁদের অপেক্ষায় ছিলেন। খেলা মাঠে গড়ালেও শঙ্কা কিন্তু এখনো কাটেনি। টোগো দলের ওপর হামলাকারী সংগঠন এফএলইসি-পিএমের সেক্রেটারি জেনারেল রড্রিগেজ মিঙ্গাস হুমকি দিয়েছেন এ ধরনের আরও হামলা তারা চালাবে। এএফপি।