শোককে শক্তি বানাল বার্সেলোনা
গোল করে দুই হাত তুলে শূন্যে তাক করলেন। লিওনেল মেসির উদ্যাপনের ভঙ্গিটা খুবই চেনা। কিন্তু পরশুর উদ্যাপনটা তো ছিল অন্যরকম। গোলের উচ্ছ্বাস-আবেগ সেখানে নেই, বরং শূন্যে যেন কাউকে খুঁজছিলেন মেসি। নিঃসীম অন্তরীক্ষ থেকে টিটো ভিলানোভা কি দেখেছেন সেটা?
ভিলানোভার অকালপ্রয়াণে কয়েক দিন ধরেই বার্সা শোকস্তব্ধ। পরশু সাবেক কোচকে হারানোর পর প্রথমবারের মতো মাঠে। সন্তাপটা যে কাটিয়ে উঠতে পারেননি, সেটা বোঝা যাচ্ছিল মেসিদের চেহারা দেখেই। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের সঙ্গে ৩-২ গোলের জয়ে বার্সেলোনা দেখাল, শোকটা শক্তিতে পরিণত করার কঠিন কাজটি তারা করতে পেরেছে। পরে জাভি জানিয়েছেন, ‘খেলার জন্য এটা ছিল সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। আমাদের শরীর ঠিকঠাক সাড়া দিচ্ছিল না।’ এমন সব সময়ে খেলাটেলা যে তুচ্ছ হয়ে যায়, বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো বললেন সেটিই, ‘এই মুহূর্তে আসলে ফুটবল নিয়ে কথা বলাটাই অর্থহীন ও অবান্তর। এটার গুরুত্ব অনেক পরে।’
অথচ ম্যাচটা বার্সেলোনা যেভাবে জিতল, তাতে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার অনেক কারণই ছিল। ৫৫ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল লিগে ষষ্ঠ পরাজয়টাই হয়তো নিয়তি। বিরতির ঠিক আগে কানির গোলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়ারিয়াল। ৫৫ মিনিটে ত্রিগুয়েরোসের দুর্দান্ত এক হেড ব্যবধান বাড়ায়।
বার্সার স্বরূপে ফেরা এর পরেই। আসলে বলা উচিত, ভিয়ারিয়ালই বার্সাকে ফিরিয়ে আনে ম্যাচে। ৬৫ মিনিটে দানি আলভেজের ক্রস গ্যাব্রিয়েলের পায়ে লেগে জড়িয়ে যায় ভিয়ারিয়ালের জালে। ৭৮ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল। এবারও আলভেস ছিলেন কুশীলব। তাঁর আরেকটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালে বল জড়িয়ে দেন মুসাক্কিও।
দুটি অদ্ভুতুড়ে গোল খেয়ে হতবুদ্ধি হয়ে পড়া ভিয়ারিয়াল ৮৩ মিনিটে খেয়ে বসল তৃতীয় গোলটাও। বুসকেটস-ফ্যাব্রিগাসের গড়া আক্রমণে তুলির শেষ টানটা দিলেন মেসি।
এই ম্যাচে হেরে গেলেই শেষ হয়ে যেত বার্সার শিরোপা জয়ের আশা। মাচেরানো এ প্রসঙ্গেই টেনে আনলেন ভিলানোভাকে, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব, যেমনটা তিনি (ভিলানোভা) করেছেন।’
পরশু ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে অ্যাটলেটিকোই এখনো সবার ওপরে। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮৮, বার্সার ৮৪। এক ম্যাচ কম খেলে রিয়ালের ৮২। এএফপি।