
বর্ণবাদী শাসনের রাহুগ্রাস থেকে মুক্তির আলো জ্বেলেছিলেন তিনি। ছিলেন রংধনুর দেশে নানা রঙের মানুষের স্বপ্নসারথি। ২৭ বছর অন্ধ কুঠুরিতে আটকেও যে মানুষটিকে আলোর পথ থেকে বিচ্যুত করা যায়নি, শান্তিকামী সেই মহামানবের মহাপ্রয়াণে শোকস্তব্ধ আজ সারা বিশ্ব।
তিনি নেলসন ম্যান্ডেলা। ভালোবাসার মানুষদের কাছে যাঁর আরেকটা নাম ‘মাদিবা’।
শোকের ছায়া পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। শুধু এটুকু বললে একটু ভুল বলা হয়। বরং ক্রীড়াঙ্গনে বেশিই অনুভূত হওয়ার কথা তাঁর অনুপস্থিতি। আমরণ বর্ণবাদবিরোধী যে সংগ্রাম করে গেছেন ম্যান্ডেলা, তাতে বড় শক্তি হয়ে ছিল ক্রীড়াঙ্গন। খেলার মাধ্যমেই তিনি ঘুচিয়ে দিয়েছেন গায়ের রঙের ব্যবধান। শুধু দক্ষিণ আফ্রিকার নয়, সারা বিশ্বের।
বয়স ৯৫ বছর, ফুসফুসে সংক্রমণজনিত দীর্ঘ অসুস্থতার কারণে তাঁর মৃত্যুটাকে ঠিক আকস্মিকও বলা যাবে না। তবু এমন একজনের প্রয়াণে শোকস্তব্ধ মানবিক দ্রোহের আরেক পুরোধা, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী, ‘তাঁর জীবনটা ছিল লক্ষ্যভেদী, আর আশায় পরিপূর্ণ। নিজের জন্য আশা, দেশের জন্য, বিশ্বের জন্য। তিনি লক্ষ্যে পৌঁছাতে সবাইকে অনুপ্রাণিত করেছেন। যে লক্ষ্যকে অসম্ভব মনে হয়, তিনি সেখানে পৌঁছাতে মানসিক, শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক সব বাধা পেরিয়ে যেতে সাহস জুগিয়েছেন। সবাইকে উপলব্ধি করিয়েছেন, আমরাই আমাদের ভাইদের রক্ষক। গায়ের রং দিয়ে ভাইদের ভেদাভেদ হয় না।’
দুই যুগেরও বেশি কারাবাস শেষে ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর এই ভেদাভেদ দূর করাটাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ম্যান্ডেলা। বিভক্ত দক্ষিণ আফ্রিকানদের একত্র করতে দল পাঠিয়েছিলেন ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে। আগের বছরই বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্ব ক্রিকেটে ফেরে দক্ষিণ আফ্রিকা, ১৯৯২ বিশ্বকাপে অসাধারণ খেলে জয় করে মানুষের হূদয়। ম্যান্ডেলার উদ্যোগেই ১৯৯৪ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নেয় তাঁর দেশ। শুধু একজন ম্যান্ডেলার উপস্থিতি পুরো একটা জাতিকে কীভাবে অনুপ্রাণিত করতে পারে সেই দৃশ্য দুবার দেখার সুযোগ হয়েছে বিশ্ববাসীরও। প্রথমবার ১৯৯৫ সালে রাগবি বিশ্বকাপের ফাইনালে যেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছিল দক্ষিণ আফ্রিকা। দেশটির কালো প্রেসিডেন্ট সাদা অধিনায়কের সঙ্গে করমর্দন করছেন, দুজনের গায়েই সবুজ সিপ্রংবক জার্সি—‘রংধনুর দেশ’ কেন বলা হয় তা বোঝাতে এর চেয়ে ভালো দৃশ্য আর কী হতে পারে? ম্যান্ডেলায় অনুপ্রাণিত হয়েই সেই ফাইনাল জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জনসমক্ষে তাঁর সর্বশেষ বড় উপস্থিতি ছিল ২০১০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন। জোহানেসবার্গের সকার সিটির প্রায় ৯০ হাজার দর্শক দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন তাঁকে। আরেকবার বোঝা গিয়েছিল মানুষ তাঁকে কতটা ভালোবাসে।
এমন একজনের মৃত্যুতে তাই ব্যথাতুর পুরো ক্রীড়াঙ্গন। কাল অ্যাডিলেড আর ডানেডিনে দুটো টেস্টই শুরু হয়েছে ম্যান্ডেলার সম্মানে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। হাতে কালো ব্যান্ড পরে খেলেছেন ক্রিকেটাররা। জুরিখে ফিফা সদর দপ্তরে সদস্য ২০৯টি দেশের পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোর সময় এক মিনিট করে নীরবতা পালনের ঘোষণা দিয়েছে ফিফা। ম্যান্ডেলা না থাকলেও তাঁর দেখানো পথ চিরকাল সবাইকে প্রেরণা জোগাবে বলে মনে করেন ফুটবলের রাজা পেলে, ‘তিনি ছিলেন আমার নায়ক, আমার বন্ধু। বিশ্বশান্তির জন্য আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আমার সহচর। আমার জীবনে তাঁর প্রভাব সবচেয়ে বেশি। চলুন, আমরা তাঁর কাজগুলো এগিয়ে নিয়ে যাই।’ খবরটা শুনেই ব্রাজিল থেকে শোকবার্তা পাঠিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও, ‘আমি গভীর শোকের সঙ্গে শ্রদ্ধা জানাই একজন অসাধারণ মানুষকে। সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে মানবতাবাদী একজন এবং আমার প্রিয় বন্ধু নেলসন ম্যান্ডেলা।’
শুধু পেলে কিংবা ব্ল্যাটার নন, তিনি বন্ধু ছিলেন এমন আরও অনেক ফুটবলার, ক্রিকেটার, রাগবি খেলোয়াড়, গলফার কিংবা হয়তো একেবারেই সাধারণ একজনেরও।
না-ফেরার দেশে চলে যাওয়ার পর তাই সবার হূদয়ের একটাই চাওয়া—শান্তিতে থাকুন মাদিবা! এএফপি, রয়টার্স।