শোচনীয় ব্যর্থতায় ফুঁসছে নিউজিল্যান্ডের সাধারণ মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ হারের পর শোকস্তব্ধ গোটা নিউজিল্যান্ড। এ হারের চুলচেরা বিশ্লেষণে বসেছে নিউজিল্যান্ডের বিভিন্ন পত্র-পত্রিকা। দেশের সাধারণ মানুষও কিছুতেই মেনে নিতে পারছে না এই ‘লজ্জা’কে। সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর গতকাল সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কিছুটা সান্ত্বনা খুঁজতে চেয়েছিল কিউইরা। সে লক্ষ্যে অনেকখানি এগিয়েও গিয়েছিল তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত রুবেল হোসেনসহ বাংলাদেশের বোলারদের অসাধারণ পারফরম্যান্স স্নায়ুক্ষয়ী এই ম্যাচে জিততে দেয়নি নিউজিল্যান্ডকে। ১৯৩০ সালে প্রথম টেস্ট খেলা একটি দেশের সাধারণ মানুষের কাছে এ পরাজয়ের স্বাদ বেশ তিক্তই। বিভিন্ন ব্লগে, ফোরামে তাই ভেট্টোরি-ম্যাককালাম-টেইলরদের মুণ্ডুপাত করতে ছাড়ছে তারা।বাংলাদেশের কাছে ৪-০-তে হারার পর নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষ পত্রিকা নিউজিল্যান্ড হেরাল্ড তাদের অনলাইন সংস্করণে একটি শিরোনাম দিয়ে সাধারণ পাঠকদের কাছ থেকে এ ব্যাপারে মন্তব্য আহ্বান করে। সেই শিরানামটি ছিল, ‘বাংলাদেশ সফর কি নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন অধ্যায়?’ এ শিরোনামের ওপর ভিত্তি করে অনেকে কিউই ক্রিকেট দল ও এই সিরিজ হার নিয়ে নানা রকম মন্তব্য করে। সেখানে উঠে এসেছে বাংলাদেশের কাছে শোচনীয় সিরিজ হারের পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের সাধারণ মানুষের দুঃখবোধ ও হাহাকার।একজন সাধারণ নাগরিক নিউজিল্যান্ড ক্রিকেট দলের সব খেলোয়াড়কে এই লজ্জাজনক হারের দায়ভার মাথায় নিয়ে দলকে থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্তব্য করেছে, ‘আর কত লজ্জার মধ্যে ফেলবে ব্ল্যাক ক্যাপসরা আমাদের? আমরা আর কত লজ্জা বুকে ধারণ করব? সময় এসেছে এ খেলোয়াড়দের সরে দাঁড়ানোর। সরে দাঁড়াও ভেট্টোরি-ম্যাককালামরা। তোমরা কোনো কাজের নও।’কয়েক মাস আগে নিউজিল্যান্ডের সিনিয়র খেলোয়াড়দের কোচ অ্যান্ডি মোলসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের যোগসূত্র খুঁজেছেন একজন ক্রিকেটানুরাগী। তিনি বলেন, কোচ অ্যান্ডি মোলসের বিপক্ষে বিদ্রোহে নেতৃত্বদানে ড্যানিয়েল ভেট্টোরি যতটা পারঙ্গমতা দেখিয়েছেন, তার কানাকড়িও তিনি দেখাতে পারেননি বাংলাদেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিতে গিয়ে। সেই ক্রিকেটানুরাগী বলেন, সেই বিদ্রোহী গ্রুপটিই নিউজিল্যান্ড দলের স্পিরিট নষ্ট করেছে। এ খেলোয়াড়দের সবার কাছে ক্ষমা চেয়ে উচিত আসন্ন ভারত সফর থেকে নিজেদের সরিয়ে নেওয়া। নিউজিল্যান্ড দলে খেলোয়াড়দের ক্ষমতা কোচ ও ম্যানেজারের চেয়ে বেশি হয়ে গেছে উল্লেখ করে একজন দর্শক বলেন, এ ব্যাপারটিই দলকে ডুবিয়েছে। তিনি কোচ মার্ক গ্রেটব্যাচকে ‘ব্যক্তিত্বহীন’ বলে উল্লেখ করেন। এ কয়েকটি মন্তব্যের পাশাপাশি অনেক মানুষই এ লজ্জাজনক পরাজয়ের দায়ভার মাথায় নিয়ে ভেট্টোরিকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তারা বলে, ভেট্টোরির পারফরম্যান্স ও অধিনায়কত্বের যে অবস্থা তাতে তাঁর উচিত ব্ল্যাক ক্যাপ মাথা থেকে সরিয়ে আইপিএল বা এ জাতীয় কোনো আসরে নিজের মনোযোগ নিবদ্ধ করা। নিউজিল্যান্ড দলে এখন ক্ষমতালোভী ও অমনোযোগী ‘তারকা’দের চেয়ে ব্যাটিং ও বোলিং ভালো জানা ‘অখ্যাত’ খেলোয়াড়েরা অনেক বেশি জরুরি।—নিউজিল্যান্ড হেরাল্ড