শোধ তুলেই ফাইনালে ভারত
কী বলবেন একে? প্রতিশোধ? বদলা, নাকি পাল্টা চপেটাঘাত! নিউজিল্যান্ডের কাছে ৮৮ রানে অলআউট হয়ে সিরিজ শুরু করেছিল ভারত। প্রায় ছিটকেই গিয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ভারতই কাল নিউজিল্যান্ডকে বিদায় করে দিল। শনিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।২০০ রানে হেরে যাওয়ার পাল্টা জবাব কালকের ১০৫ রানের জয় দিয়ে কি হয়? অবশ্যই হয়। পরিস্থিতি বিবেচনায় এই জয়ের মূল্য নিউজিল্যান্ডের ওই দ্বিশতক রানের জয়ের চেয়েও বড়। টস জিতে ব্যাট করতে নামা ভারত যে তুলতে পেরেছিল মাত্র ২২৩।এর মধ্যে এক বীরেন্দর শেবাগের রানই ১১০। শুধু কালকের ইনিংস বলে নয়, পুরো সিরিজেই শেবাগ ভারতের রান-মেশিন। চার ম্যাচে ভারত রান তুলেছে ৫১৫ (অতিরিক্ত ৭০ রান বাদে)। এক শেবাগেরই ২৪০। দলের প্রায় ৪৭ শতাংশ রানই এসেছে তাঁর ব্যাট থেকে। শেবাগের অবদান এই তথ্যেও পরিষ্কার—সিরিজে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান ধোনির ৭৩।কালও শেবাগ উদ্ধার করলেন দলকে। শ্রীলঙ্কা সুকৌশলে সেঞ্চুরি-বঞ্চিত করেছিল। কিন্তু এবার আর কেউ ঠেকাতে পারল না। ১৩তম সেঞ্চুরি তুলে নিলেন ‘বীরু’। শেবাগের সেঞ্চুরির আগে-পিছু কিছু নেই ভারতের ইনিংসে। পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ১০৭ রানের নতুন রেকর্ড জুটিটা তাঁর হাত ধরেই গড়া, সঙ্গী ছিলেন ধোনি।২৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলায় ভারতের পক্ষে বড় স্কোর গড়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এটিকে আক্ষেপের কারণ হতে দেননি বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে নিউজিল্যান্ডের হয়ে যায় ৮০/৯। ভারতের সামনে সুযোগ এসেছিল ৮৮ রানে অলআউট হওয়ার সার্থক বদলা নেওয়ার। কিন্তু ৩৫ বলে কাইল মিলসের ৫২ আর দশম উইকেটে ৩৮ রানের জুটি সেটি হতে দেয়নি। নিউজিল্যান্ডের সান্ত্বনা এই একটাই।