শোনা যাচ্ছে শেষের ডাক
বয়সটা পক্ষে থাকায় সমালোচনার আঁচ সেভাবে ছুঁয়ে যাচ্ছে না গম্ভীর-শেবাগ-ধোনিকে। তুলনায় অনেক বর্ণাঢ্য ক্যারিয়ারের মালিক দ্রাবিড়-লক্ষ্মণদের ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়েছে তাঁদের বয়সঅ্যাডিলেড টেস্ট শেষে ভারতের ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল? আরেকটি ধবলধোলাইয়ের লজ্জায় সেটি থমথমেই থাকার কথা। বিদায়ের আবহও কি ছিল? আবার কি ড্রেসিংরুমে একসঙ্গে দেখা যাবে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে? সিরিজের মাঝখানেও অসংখ্যবার প্রশ্নটি উঠেছে। সিরিজ শেষে আরও উচ্চকিত সেই প্রশ্ন, কবে যাচ্ছেন তিন ‘বুড়ো’?ব্যর্থ ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপের সবাই। চল্লিশের ওপর গড় নেই একজনেরও। গড় ও রানে সবচেয়ে এগিয়ে সবচেয়ে অনভিজ্ঞ বিরাট কোহলি (৩৭.৫০ গড়ে ৩০০)। তবে বয়সটা পক্ষে থাকায় সমালোচনার আঁচ সেভাবে ছুঁয়ে যাচ্ছে না গম্ভীর-শেবাগ-ধোনিকে। তুলনায় অনেক বর্ণাঢ্য ক্যারিয়ারের মালিক দ্রাবিড়-লক্ষ্মণদের ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়েছে তাঁদের বয়স। এই দুজনের মতো চূড়ান্ত ব্যর্থ বলা যাবে না টেন্ডুলকারকে, তবে নিজের মানদণ্ড আর দলের চাওয়ার বিচারে তিনিও তো ব্যর্থই। প্রায় দুই যুগ ধরে শতকোটি মানুষের প্রত্যাশার ভার বয়ে আসছেন; তবে শততম সেঞ্চুরির প্রত্যাশার ভার যেন পাহাড় চাপিয়ে দিয়েছে তাঁর ব্যাটে। ক্যারিয়ারের গোধূলিতে এসে তাঁর মতো মহীরুহকেও তাই শুনতে হচ্ছে, ‘আর কিসের জন্য খেলে যাচ্ছেন টেন্ডুলকার? আর কত দিন খেলবেন?’অ্যাডিলেড টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ একটু উত্তেজিত হয়েই বলেছেন, ‘পরিষ্কার করে বলছি, কারও অবসর নেওয়ার প্রয়োজন নেই। তাঁরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করবেন।’ কিন্তু চারপাশ থেকে ‘ওদের হটাও’ চিৎকারে হারিয়ে যাচ্ছে শেবাগের কণ্ঠ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সম্পাদক সম্বিত বাল লিখেছেন, ‘তলানিরও তলানিতে ডুবে গেছে ভারতীয় ক্রিকেট। অন্য কোনো সময় হলে হয়তো এরাই হতো ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু তাদের সময় ফুরিয়ে গেছে। যতই অনিশ্চিত মনে হোক, ভবিষ্যৎকে আলিঙ্গন করা ছাড়া ভারতীয় ক্রিকেটের আর বিকল্প নেই।’ধারাভাষ্যের কক্ষে বসে সিরিজ চলার সময়ও অসংখ্যবার পরিবর্তনের ডাক দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। সাবেক অধিনায়কের কণ্ঠে একই দাবি সিরিজ শেষেও, ‘দল এভাবে হারতে থাকলে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়।’ এমনকি আইসিসি-প্রধান ও সাবেক বিসিসিআই-প্রধান শারদ পাওয়ার পর্যন্ত রায় দিয়েছেন পরিবর্তনের পক্ষে। ভারতীয় এক টিভি চ্যানেলকে বলেছেন, ‘ভারতীয় দলে পরিবর্তন আনার সময় হয়ে গেছে। একটু ঝুঁকি নিতেই হবে এবং পরবর্তী প্রজন্মকে সুযোগ দিতে হবে। এ ধরনের পরিবর্তন গোটা দলের আবহই পাল্টে দিতে পারে।’ বরাবরই চাঁছাছোলা কথার জন্য বিখ্যাত বিষেণ সিং বেদি অবশ্য বিস্ময়করভাবে পাশে দাঁড়িয়েছেন তিন বুড়োর। কিংবা এটাই হয়তো স্বাভাবিক, তিনি যে চিরদিনের প্রথাবিরোধী! বেদির কথা, ‘দেশকে দীর্ঘদিন ধরে সেবা করে আসছে যারা, তাদের প্রতি কিছু সম্মান তো দেখানো উচিত। ওদের কখন অবসর নেওয়া উচিত, আমাদের কাছ থেকে এই পরামর্শ নেওয়ার দরকার নেই।’ আলোচিত তিনের একজন, রাহুল দ্রাবিড়, তো সরাসরিই জানিয়ে দিয়েছেন যে এখনো অবসর নিয়ে ভাবছেন না, ‘কোনো সন্দেহ নেই, আমি অবশ্যই আগের চেয়ে শেষের অনেক কাছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, নেওয়ার প্রয়োজনও দেখছি না। আগামী সাত-আট মাসে আমাদের কোনো টেস্ট ম্যাচ নেই। দেখা যাক, পরিস্থিতি কী দাঁড়ায়।’দ্রাবিড় যা বলছেন, সেই কারণেই পরিস্থিতি আরও তাঁদের বিপক্ষে। আগামী সেপ্টেম্বরের আগে ভারতের আর কোনো টেস্ট নেই। টেন্ডুলকার তবু ওয়ানডে খেলে পরিস্থিতি পাল্টে দিতে পারবেন, দ্রাবিড়-লক্ষ্মণের তো সেই সুযোগ নেই। ভারতের পরের টেস্টে দ্রাবিড়-লক্ষ্মণের খেললে সেটা হবে বড় এক বিস্ময়। আর টেন্ডুলকারও যদি না থাকেন, বিস্ময়ের কিছু থাকবে না সেখানেও। ওয়েবসাইট।