বাস্তিয়ান শোয়েনস্টাইগার, না আনা ইভানোভিচ—তারকা খ্যাতিতে কে এগিয়ে? দুটি ভিন্ন খেলার দুই তারকার মধ্যে এমন তুলনা একদমই চলে না। তবু প্রশ্নটা সামনে নিয়ে এসেছেন ব্রিটিশ টেনিস খেলোয়াড় নাওমি ব্রডি। আরও ভালোভাবে বললে ১২২তম র্যাঙ্কধারী ব্রডির বন্ধুরা। অকল্যান্ড ক্লাসিকের প্রথম রাউন্ডে ২৫ বছর বয়সী ব্রডি হারিয়ে দিয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের ১৬তম ইভানোভিচকে। আর এই জয়ের খবরটা ব্রডি গর্বভরে জানিয়েছিলেন বন্ধু-বান্ধবীদের। কিন্তু ম্যানচেস্টারের অদূরে স্টকপোর্টে বেড়ে ওঠা ব্রডির বন্ধুরা আনা ইভানোভিচকে টেনিসের সাবেক এক নম্বর তারকা হিসেবে নয়, চেনেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার শোয়েনস্টাইগারের বান্ধবী হিসেবে। তাই টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে থাকা কোনো তারকার বিপক্ষে প্রথম জয়টা কত বড় তাঁর কাছে সেটি ব্রডি বন্ধুদের বোঝাতেই পারেননি। বন্ধুরা বোঝেননি, কিন্তু ব্রডি বন্ধুদের বিলক্ষণ বোঝেন, ‘তারা টেনিসের কিছুই বোঝে না।’ এএফপি।