শোয়েনস্টাইগারের পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে নিজেদের দেশের বিশ্বকাপে দেশবাসীকে তৃতীয় হওয়ার সান্ত্বনাই দিতে পেরেছিল জার্মানি দল। এরপর গেল ২০০৮-এর ইউরো চ্যাম্পিয়নশিপ। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে রানার্সআপ হয়ে ফিরেছে জার্মানি। তবু দেশে ফেরার দিন দলকে অভিনন্দন জানাতে বার্লিনের বিমানবন্দর ভরে গিয়েছিল হাজার হাজার মানুষে।জার্মানির দুটি দলেই ছিলেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। দেশের মানুষের অভিনন্দনের জবাবে একটা ট্রফি দেখাতে না পারার যন্ত্রণায় পুড়ছেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। এবার আর এমনটা হতে দিতে চান না শোয়েনস্টাইগার। খালি হাতে নয়, দক্ষিণ আফ্রিকা থেকে জার্মানির মানুষের জন্য ট্রফি নিয়েই ফেরার প্রত্যয় তাঁর। ‘বাড়ি ফিরেছি আর মানুষকে কিছুই দেখাতে পারিনি, এমন ঘটনা আমার ক্ষেত্রে দুবার ঘটেছে। বার্লিনে বাড়ি ফিরে হাজার হাজার মানুষের উৎসব দেখাটা দারুণ ব্যাপার। ২০০৬-এ আমরা তৃতীয় হয়েছি এবং ২০০৮-এ হয়েছি রানার্সআপ। একটা শূন্যতা রয়েই গেছে। এবার সেই শূন্যতা পূরণ করতে চাই আমরা।’এবার শূন্যতা পূরণ করতে পারার মতোই খেলছে জার্মানি। আর দুর্দান্ত খেলতে থাকা দলের মাঝমাঠের প্রাণভোমরা শোয়েনস্টাইগার। মাত্র ২৫ বছর বয়সেই দলের সিনিয়র ফুটবলার হয়ে গেছেন। এবারের বিশ্বকাপ নিয়ে দুটি বিশ্বকাপ খেলা হয়ে গেছে জার্মানির হয়ে ৭৯টি ম্যাচে মাঠে নামা এই মিডফিল্ডারের। সিনিয়র শুধু নামেই হননি, এই বিশ্বকাপে খেলছেনও অসাধারণ। যেন ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন শোয়েনস্টাইগার।কোচ জোয়াকিম লোও তাঁর প্রশংসায় পঞ্চমুখ, ‘গত দুই বছরে শোয়েনস্টাইগার অনেক পরিণত হয়েছে।’ শোয়েনস্টাইগার এমন বদলে যাওয়ার কৃতিত্ব দিলেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ লুই ফন গলকেই, ‘লুই ফন গলকে ধন্যবাদ দিতে হবে আমার। তিনি আমাকে আমার পছন্দের জায়গাটায় (মাঝমাঠের ঠিক মাঝে) খেলতে দিয়েছেন। আর এতেই আমার সেরাটা বেরিয়ে আসতে শুরু করেছে।’ এএফপি।