শোয়েনস্টেইগরাকে 'শূকর' বলে নিষিদ্ধ সান-মিরর

আবেগের বশবর্তী হয়ে খেলোয়াড়-সমর্থকেরা প্রতিপক্ষের উদ্দেশে লাগামছাড়া মন্তব্য করে থাকেন অনেক সময়। তাই বলে সংবাদমাধ্যম? এমনটাই করেছে দুই ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ ও ‘ডেইলি মিরর’। পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের উদ্ধারকর্তা বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে নিয়ে বিতর্কিত সংবাদ ছেপে ফিরতি লেগে নিষিদ্ধ হয়েছে ‘সান’ ও ‘মিরর’। ৯ এপ্রিল ফিরতি লেগে এই দুই পত্রিকার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন কর্তৃপক্ষ।
ওল্ড ট্রাফোর্ডে বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার ইউনাইটেডের ১-১ ড্র ম্যাচের পর দুটি পত্রিকা শোয়েনস্টাইগারকে আক্রমণ করে অনেকটা কাছাকাছি শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করে। ম্যাচে ওয়েইন রুনিকে ফাউল করে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন শোয়েইনি। ‘মিরর’-এর শিরোনাম ছিল—‘You dirty Schwein’ জার্মান ভাষায় ‘Schwein’ অর্থ ‘শূকর’! আর সানের শিরোনাম ছিল—‘You Schwein’। যার অর্থ একই।
স্বাভাবিকভাবেই দুটি ট্যাবলয়ডের এ ধরনের কাণ্ডজ্ঞানহীন শিরোনামে ভীষণ ক্ষুব্ধ বায়ার্ন কর্তৃপক্ষ। জার্মান ক্লাবটি জানিয়েছে, প্রথম লেগের পর আমাদের খেলোয়াড় বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে নিয়ে যে খবর প্রকাশ করেছে, তা পক্ষপাতদুষ্ট। একই সঙ্গে এটি বাজেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। বায়ার্ন কর্তৃপক্ষের কাছে কিছুতেই এটি গ্রহণযোগ্য নয়। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। একই সঙ্গে ৯ এপ্রিল ফিরতি লেগে ‘ডেইলি মিরর’ ও ‘দ্য সান’-এর কোনো প্রতিনিধিকে অ্যাক্রিডিটেশন কার্ড দেবে না বায়ার্ন মিউনিখ।