শোয়েব আকতারের আত্মজীবনী থেকে...
পুরো ক্যারিয়ারেই আলোচনার কেন্দ্রে ছিলেন শোয়েব আকতার। এ বছর অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবেই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। মাঝখানের কয়েক মাস নিভৃতেই ছিলেন। কেউ যেন ‘বিতর্কিত’ শোয়েবকে ভুলে না বসেন, সেই লক্ষ্য নিয়েই যেন আবার আত্মজীবনীর বোমা ছাড়লেন। সেখানে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ওয়াসিম আকরামের মতো ক্রিকেটারদের নিয়ে কিছু বিতর্কিত কথা হয়তো বলেছেন, কিন্তু তিনি সেখানে তুলে ধরেছেন ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে পাকিস্তান ক্রিকেটের কিছু ব্যাপার-স্যাপারও।ম্যাচ ফিক্সিং নিয়ে শোয়েব আকতার তাঁর আত্মজীবনী গ্রন্থে একটি ঘটনা তুলে ধরেছেন। বলেছেন, ১৯৯৯ সালে এশিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে তিনি প্রথমবারের মতো স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। তিনি বুকিদের সম্পর্কে বলেন, এই বুকিরা তাঁকে বলেছিলেন, ‘এই একটি টেস্ট ম্যাচ একটু এদিক-ওদিক হলে পৃথিবীর কিছু আসে-যায় না। কিন্তু আমাদের কথা শুনলে তোমার জীবন পাল্টে যাবে।’ শোয়েব আকতার বলেছেন, সেই টেস্টে তাঁকে একটি নির্দিষ্ট সময়ে নো বল বা ওয়াইড বল করার জন্য পয়সা সেধেছিল বুকিরা। কিন্তু শোয়েব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি জানান, একই টেস্টে শহীদ আফ্রিদিকেও এমনই একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে আফ্রিদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।স্পট ফিক্সিংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বুকিরা নাকি আকতারকে বলেছিল, ‘এই ম্যাচেই দলের অর্ধেক খেলোয়াড়েরা আমাদের প্রস্তাব অনুযায়ী কাজ করছে। তুমি মাঝখান থেকে একটি সুযোগ হারালে।’ আকতার তাঁর বইয়ে বলেছেন, এমন ব্যাপারই দীর্ঘদিন ধরে চলে আসছে। একটু দরিদ্র পারিবারিক প্রেক্ষাপট থেকে আসা খেলোয়াড়দের পক্ষে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা কিন্তু খুবই কঠিন। তিনি জানান, মাত্র কয়েকটি পূর্বনির্ধারিত নো বল করার জন্য বুকিরা তাঁকে গাড়ি ও বাড়ি দিতে চেয়েছিল।ইনজামাম-উল-হকের অধিনায়কত্বের সময় নাকি শোয়েব আকতার বুঝতে পারতেন না, তিনি একটি ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন নাকি, তবলিগ জামায়াতের কোনো প্রচার দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, ইনজির অধিনায়কত্বের সময়, নামাজ ও জিকির বাধ্যতামূলক ছিল। খেলার চেয়ে ধর্মীয় আলোচনা বেশি হতো। তিনি বলেন, ‘আমিও একজন মুসলমান। ইসলাম কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেয় না। কিন্তু ওই সময় ধর্ম-কর্ম পরিণত হয়েছিল জবরদস্তিমূলক ব্যাপারে।’ শোয়েব বলেন, যখন নামাজের সময় হতো, দলের সব খেলোয়াড় বাথরুম থেকে ওজু করে আসতেন। পুরো ড্রেসিংরুম ভিজে যেত। তিনি বলেন, একজন ক্রিকেটারের প্রাথমিক দায়িত্ব ক্রিকেট খেলা। ধর্মটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। ইনজামামের সময় এমন অবস্থা দাঁড়িয়েছিল, যাতে ক্রিকেট খেলাটিই গৌণ বিষয়ে পরিণত হয়েছিল।পাকিস্তান ক্রিকেট দলের পরিবেশ নিয়েও কথা বলেছেন তিনি। শোয়েবের মতে, ‘পাকিস্তান ক্রিকেট দলের আজকের অবস্থার পেছনে দায়ী সর্বনাশা শ্রেণীবৈষম্য। দুর্বল সামাজিক প্রেক্ষাপট থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে অন্যায্য আচরণ আমার মন বিরক্তিতে ভরিয়ে দিয়েছে। আমার অবসরের পেছনে এগুলোই সবচেয়ে বড় কারণ। দলটিতে সাহসী সিদ্ধান্ত নিতে কেউ জানে না।’ তিনি আরও বলেন, ‘আমাকে বিতর্কিত করা হয়েছে। কারণ, আমি “জি হুজুর” নীতিতে বিশ্বাসী নই। আমি হ্যাঁকে “হ্যাঁ”, নাকে “না” বলতে জানি। তাই দলের অনেকেই আমাকে ঠিকভাবে কখনোই নিতে পারেনি।’শোয়েব বলেন, পাকিস্তান ক্রিকেট দলে অসুস্থ পরিবেশ বিদ্যমান। অনেক সিনিয়র খেলোয়াড়ের হোটেল রুমেই নারী ভক্তদের আসা-যাওয়া নিত্য-নৈমিত্তিক ব্যাপার। তিনি বলেন, ‘আমার অবাক লাগে, আমি যাদের মেয়েদের নিয়ে ফুর্তি করতে দেখেছি, মদ খেয়ে মাতাল হতে দেখেছি, তারাই আমার শৃঙ্খলা নিয়ে কথা বলে!’