শোয়েব চান বইয়ের কাটতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কটি বোমা ফাটিয়েছেন। সেগুলো সশব্দে ফাটছে। ক্রিকেট-বিশ্বে বেশ শোরগোলই ফেলে দিয়েছেন শোয়েব আখতার। শচীন টেন্ডুলকার ম্যাচ উইনার নন, তাঁর বাউন্সের সামনে টেন্ডুলকার কাঁপতেন; শাহরুখ খান তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন; পাকিস্তানের সব বোলার বল টেম্পারিং করেন, তিনি নিজেও করেছেন, বল টেম্পারিং করে আসলে বিশ্বের সবগুলো দলই...। সদ্য প্রকাশিত বইয়ে বিতর্কের রসদের অভাব নেই। বইয়ের নামও দিয়েছেন জুতসই—কন্ট্রোভার্সিয়ালি ইয়োরস!স্বাভাবিকভাবেই তাঁর আত্মজীবনী অনেক বিতর্কের জন্ম দিয়েছে। শোয়েবকে সবচেয়ে বড় পাল্টা জবাবটা দিয়েছেন তাঁরই পূর্বসূরি ওয়াসিম আকরাম। সাবেক কিংবদন্তি পেসার বলেছেন, খেলোয়াড়ি জীবনে শোয়েব ছিলেন সমস্যার সমার্থক। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরও তা-ই আছেন।টেন্ডুলকারকে পুরো ক্যারিয়ারে নির্ভীকই দেখেছেন জানিয়ে আকরাম একটা উদাহরণ দিয়েছেন। টেন্ডুলকারের অভিষেকের সময়টার একটা ঘটনাকে উদাহরণ হিসেবে টেনেছেন আকরাম, ‘শিয়ালকোট টেস্টে ওর একটা ইনিংসের কথা আমার মনে পড়ে। চতুর্থ টেস্ট ছিল সেটা, উইকেটে অনেক ঘাস ছিল। আমার বয়স তখন ২২, ওয়াকারের ১৯। আমরা দুজনই তখন দুর্দান্ত গতিতে বল করি। ওয়াকারের একটা বল ওর চিবুকে গিয়ে আঘাত করেছিল। কিন্তু শুশ্রূষা নিয়ে ফিরেই ও ঠিকই ফিফটি মেরে দিয়েছিল। ১৬ বছরের একটা ছেলে যদি ভয় না পায় তো আর কে ভয় পাবে! শোয়েব তাই কী বলল না বলল তাতে কিছু যায়-আসে না।’আত্মজীবনীতে টেন্ডুলকার-দ্রাবিড়ের সমালোচনা করে শোয়েব চটিয়ে দিয়েছেন আসলে ভারতীয়দের। হরভজন সিং যেমন টেন্ডুলকার-দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে উল্টো সমালোচনা করলেন শোয়েবের, ‘শোয়েবের উদ্দেশ্য কী ছিল, কোন পরিপ্রেক্ষিতে সে এমনটা বলেছে আমি জানি না। শচীনের ব্যাপারে আপনি যখন কথা বলবেন, এটা মানতেই হবে, সে শুধু ভারতেরই সেরা নয়। আপনি বিশ্বের যেকোনো জায়গায় যান, সবাই বলবে, শচীনই খেলাটার সবচেয়ে ভালো সূচনাকারী, সবচেয়ে ভালো ফিনিশারও।’শোয়েব যে তাঁকে নিয়ে এসব মন্তব্য করেছেন, এ ব্যাপারে টেন্ডুলকার নিজে কী ভাবছেন? বরাবরই বিতর্ক এড়িয়ে যেতে ভালোবাসেন বলে টেন্ডুলকার মৌন রয়েছেন। এক টিভি চ্যানেল তাঁকে জিজ্ঞাসা করলে বলেছেন, ‘শোয়েবের মন্তব্যের ব্যাপারে কিছু বলতে আমার রুচিতে বাধছে।’ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন শোয়েব। কেকেআরের মালিক শাহরুখ তাঁকে যেভাবে কথা দিয়েছিলেন সেই অনুযায়ী কাজ করেননি বলে অভিযোগ করেছেন শোয়েব। কিন্তু এ ব্যাপারে শাহরুখের বক্তব্য, ‘আমি কারও সঙ্গেই প্রতারণা করিনি।’ভারতীয়দের এই ক্ষোভ কাছে থেকেই দেখেছেন শোয়েব। বইয়ের প্রকাশনার জন্য ভারতেই আছেন এই সাবেক গতিতারকা। চারদিক থেকে যখন পাল্টা সমালোচনার তীর ছুটে আসছে, সে সময় শোয়েব বলছেন, তিনি টেন্ডুলকার বা দ্রাবিড়কে খাটো করে কিছুই বলেননি, ‘কখনোই বলিনি শচীন আমাকে ভয় পেত। আমি শুধু নির্দিষ্ট একটা ঘটনার উল্লেখ করে বলেছিলাম শচীন সে সময় স্বস্তিতে ছিল না।’তিনি আসলেই কী বলেছেন সেটা বোঝার জন্য সবাইকে তাঁর বইটা পড়ার অনুরোধ করেছেন। আর শোয়েবের এই অনুরোধেই ফাঁস হয়েছে আসল গোমর। ভারতের একটি দৈনিক লিখেছে, বইটাকে বেস্ট সেলার বানাতেই ইচ্ছে করে বিতর্কের জন্ম দিয়েছেন শোয়েব। ওয়েবসাইট।