শোয়েব আখতারের অবসরের সিদ্ধান্তে অবাক হইনি। খবরটা শুনে খারাপ তো লেগেছেই। তবে কোনো খেলোয়াড়, বিশেষ করে, তার মতো একজন ফাস্ট বোলারের পক্ষে চিরদিন তো আর খেলা সম্ভব নয়। ও যে গতিতে বল করেছে; আজ হোক কাল হোক, সেটার মাশুল শরীর তুলতই।ওর অভিষেক ১৯৯৭ সালে নিজের শহর রাওয়ালপিন্ডিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তখন অধিনায়ক ছিলাম আমি। শোয়েব ছিল অবিশ্বাস্য। ১৯৯৯ বিশ্বকাপে ওকে খেলতেই পারছিল না কেউ। এরপর পেছন ফিরে তাকায়নি। শুধুই সামনে এগিয়েছে। আমার দৃষ্টিতে শোয়েব তার প্রজন্মের সেরা ফাস্ট বোলার। আগুনের মতো ওর পেস, যেটি ওর মূল শক্তি আবার ওর সর্বনাশের কারণও।সবাই মানবেন, আরও নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল জীবনযাপন করলে ফাস্ট বোলার হিসেবে ওর ক্যারিয়ার দীর্ঘায়িত হতো। উদাহরণ ব্রেট লি। ওর সঙ্গে সময় কাটানো খুব উপভোগ্য। আশা করি, বয়সের সঙ্গে সঙ্গে ও এখন অনেক শান্ত-সুস্থির। জানি, ক্যারিয়ারের প্রায় পুরোটাই ওকে শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তবে শোয়েব আসলে এমনই।বাকিরা যখন মাঠে ভালো খেলে এরপর পার্টিতে মজাটজা করেছে; শোয়েব খেলেছেই মজা করার জন্য। জীবনের সবকিছুই উপভোগ করেছে প্রাণভরে। বিশ্বকাপ ফাইনালের আগে সবাই রাত ১১টার মধ্যে বিছানায়; শোয়েবের স্পর্শ বিছানা হয়তো পেল ভোর চারটায়! আমার মনে হয়, একসময় ক্রিকেটের চাকচিক্য ওর মাথা ঘুরিয়ে দিয়েছিল। নিজের প্রতিভার প্রতি সুবিচার করেনি। তবে মনেও হয় না, এ নিয়ে ওর মনে কোনো অনুতাপ আছে।ও এখনো ভালোই খেলছিল। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছে। কিন্তু শেষের ছায়াটা ওর মধ্যে দেখা যাচ্ছিল। এই বিশ্বকাপেই দ্বিতীয় স্পেলে ওর রানআপের দিকে তাকিয়ে সেটা বোঝা গেছে। গত ম্যাচে বাদও পড়তে হলো। তাই বলব, অবসরের সিদ্ধান্তটা একদমই সময়োপযোগী। দুই মাস আগেই ও আমাকে জানিয়ে রেখেছিল। দলকেও জানিয়ে রেখেছিল নিশ্চয়ই। শোয়েবকে বিদায়ী উপহার দিতে দলও নিশ্চয়ই উজ্জীবিত থাকবে।ওকে চিরদিনই মনে রাখা হবে—যে কিনা ফাস্ট বোলিংয়ের চেহারা পাল্টে দিয়েছিল, এবং যে কখনোই নিজের প্রতিভার সবটুকু কাজে লাগাতে পারেনি!