শোয়েব মালিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়েব মালিকের ওপর দেওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বছরের নিষেধাজ্ঞা আজ শনিবার প্রত্যাহার করে নিয়েছে স্বাধীন আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে দুই মিলিয়ন রুপি জরিমানা থেকেও মালিককে মুক্তি দেওয়া হয়েছে। চলতি বছরের গোড়ার দিকে জরিমানাসহ মালিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পিসিবি। এ রায়ের বিরুদ্ধে গত ১৪ এপ্রিল আপিল করেন মালিক।সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের অপরাধে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মালিকসহ সাত ক্রিকেটারকে শাস্তি দেয় পিসিবি। তবে মালিকের বিরুদ্ধে অভিযোগ কী, কখনোই তা স্পষ্ট করেননি তদন্ত কমিটির সদস্যরা। পিসিবির তদন্ত কমিটির একটি বৈঠকের ফাঁস হওয়া ভিডিও থেকে জানা যায়, অস্ট্রেলিয়া সফরে দলের ভেতরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত মালিক।পিসিবির আইনজীবী তালিব রিজভি ক্রিকইনফোকে মালিকের শাস্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মালিকের আপিল অসম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। তাঁর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে জরিমানা থেকেও মুক্তি দেওয়া হয়েছে।’ বোর্ড চাইলে এ রায়ের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে উল্লেখ করে রিজভি বলেন, ‘এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেটে ফিরতে মালিকের কোনো বাধা নেই।’মালিকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি প্রতিবেদন পিসিবির প্রধান ইজাজ বাটের কাছে পাঠাবেন আপিল ট্রাইব্যুনালের বিচারক ইরফান কাদির। এরপর বোর্ডের পরিচালকমণ্ডলীর কাছে তা উত্থাপন করবেন বাট। পিসিবির চেয়ারম্যান বলেন, ‘সংবিধান অনুসারেই আমরা এগিয়ে যাব। আমরা বিচারকের প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদন পেলে তা অনুমোদনের জন্য পরিচালকদের সামনে উপস্থাপন করা হবে।’