শোয়েব সব সময়ই একটা সমস্যা: আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি বিতর্কিত এক আত্মজীবনী লিখে হইচই ফেলে দিয়েছেন শোয়েব আখতার। কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তাঁর বল খেলতে ভয় পেতেন এমন অনেক বিতর্কিত মন্তব্য তিনি করেছেন তাঁর এই আত্মজীবনীতে। পাকিস্তানি ক্রিকেটের দুরবস্থা, ম্যাচ ফিক্সিং বিষয়ে কথা বলতে গিয়ে তিনি সমালোচনাও করেছেন পাকিস্তানি অনেক ক্রিকেটারের। এমনকি ছেড়ে কথা বলেননি পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকেও। তবে শোয়েবের এই বইটি নিয়ে উপহাস করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। শোয়েব আখতারকে একটা সমস্যাপূর্ণ ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেছেন কিংবদন্তি এই পেসার।শোয়েব আখতারকে ভয় পেত শচীন টেন্ডুলকার—এমন দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন আকরাম। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ‘শিয়াল কোট টেস্টে আমি শচীনের একটা ইনিংসের কথা মনে করতে পারি। তখন আমার বয়স ছিল ২২, ওয়াকারের ১৯। আর আমরা সে সময় অনেক দ্রুত বল করতাম। ওয়াকারের একটা বলে সে থুতনিতে আঘাত পায়। কিন্তু তার পরও সে ফিরে এসে ৫০ রান করে। সে সময় ১৬ বছর বয়সী টেন্ডুলকার যদি ভয় না পায়, তাহলে পরেও তাঁর ভয় পাওয়ার কথা না। কাজেই শোয়েব কী বলল, সেটা খুব বেশি জরুরি না।’পুরো ক্রিকেট ক্যারিয়ারজুড়ে নানা বিতর্কের জন্ম দেওয়া শোয়েব সব সময়ই একটা সমস্যাপূর্ণ চরিত্র বলে মন্তব্য করেছেন আকরাম। তিনি বলেছেন, ‘শোয়েব যখন দলে ছিল, তখনো সে ছিল একটা সমস্যা। এখন অবসর গ্রহণের পরও সে একই রকম আছে। সবাই জানে যে তাঁর ক্যারিয়ারের ধ্বংসের জন্য সে নিজেই দায়ী। এ বিষয়ে চাইলে অনেক কিছুই বলা যায়। কিন্তু আমি তাঁকে অপমান করতে চাই না। কিছু বিষয় মিডিয়ার সামনে প্রকাশিত না করার একটা অলিখিত চুক্তি খেলোয়াড়দের মধ্যে আছে।’ পিটিআই।