শোয়েবকে নিয়ে দোলাচল
বিশ্বকাপে ফিট শোয়েব আখতারকে পাওয়া যাবে তো? দলের প্রত্যাশা মেটাতে গতিতারকা কতটা তৈরি? পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কথাবার্তায় পরোক্ষভাবে বোঝা যাচ্ছে, তারাও ঠিক নিশ্চিত নয়, শোয়েবকে শোয়েবের মতো পাওয়া যাবে কি না।গত তিন বছরের বড় অংশজুড়ে মাঠের বাইরে কাটানো একজন খেলোয়াড়কে নিয়ে এই সংশয়ের দোলাচল থাকাই স্বাভাবিক। তার ওপর খবর, ডোপ পরীক্ষার জন্য পাকিস্তান দলের যে তিনজন খেলোয়াড়ের নমুনা নেওয়া হয়েছে বুধবার, তাঁর মধ্যে আছেন শোয়েবও (বাকি দুজন উইকেটরক্ষক কামরান আকমল এবং উমর গুল)। পরীক্ষার ফল কী হবে কে জানে!শোয়েবের অতীত ভালো নয়। ২০০৬ সালে ডোপ নেওয়ার অপরাধে তাঁর শাস্তি হয়েছিল। যদিও এই বিশ্বকাপে তেমন দুশ্চিন্তা পাকিস্তান দলে নেই বলেই বোঝা যাচ্ছে ম্যানেজার ইন্তিখাব আলমের কথায়, ‘এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার ধারণা, সব দলেরই কয়েকজন করে খেলোয়াড়ের ডোপ পরীক্ষা হবে।’আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। আইসিসির গণমাধ্যম ও যোগাযোগ ম্যানেজার সামি-উল-হাসান জানিয়েছেন, ‘আইসিসি ডোপ টেস্ট নিয়ে আগাম মন্তব্য করে না।’ডোপ টেস্ট স্বাভাবিক প্রক্রিয়া ধরে নিলেও আসল জায়গায় পাকিস্তান দলের উদ্বেগটা থেকেই যাচ্ছে এবং তা শোয়েবের ম্যাচ ফিটনেস। ১৫ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শোয়েব বল করেননি, কাজেই তাঁকে সেদিন দেখে নেওয়া যায়নি। ফতুল্লায় আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে শোয়েবকে দেখে নেওয়ার সুযোগ নিচ্ছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।সেই দেখার আগ পর্যন্ত যা খবর, তাতে শোয়েবকে নিয়ে দলের মধ্যে একটা চিন্তার চোরাস্রোত বইছে। বাংলাদেশের বিপক্ষে শোয়েবকে কেন বোলিং করানো হলো না, জানাতে গিয়ে কোচ ওয়াকার ইউনুস বললেন, ‘শোয়েব এই মুহূর্তে ছন্দে নেই।’উমর গুল থাকলেও এখনো ওয়াকারের চোখে শোয়েবই পাকিস্তানের পেস বোলিং আক্রমণের মূল অস্ত্র। ‘পরের ম্যাচে ছন্দ পেলে অবশ্যই সে আমাদের প্রথম পছন্দ। তাকে ছন্দে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বোলিং কোচ আকিব জাভেদ ও সে নিজে করছে।’ ‘নিউজিল্যান্ডে সে উন্নতি করেছে’ বলার পর ওয়াকার স্বীকার করে নিয়েছেন, ‘এ মুহূর্তে আমাদের নতুন বলে সামান্য সমস্যা আছে। তবে এখনো বেশ কিছুটা সময় হাতে আছে।’শোয়েবের ফিটনেস নিয়ে কথা বলেছেন ম্যানেজার ইন্তিখাব আলমও। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘শোয়েব শতভাগ ফিট নয়। তবে সে অর্ধেক ফিট হলেও পাকিস্তান দলকে সাফল্য এনে দিতে পারে।’ ওয়েবসাইট।