শোয়েবনামা
তামিম ইকবাল বনাম শোয়েব আখতার—এটা হতে পারত এ টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় বিজ্ঞাপন। কিন্তু দুজন যে একই দলে!তামিম-শোয়েব তাই হচ্ছে না। হলেও সেটি কেমন হতো, কে জানে! তামিম ইকবাল কী পারেন, এটা মোটামুটি সবার জানা। কিন্তু শোয়েব আখতারের কথা বললে যে ‘কী পারেন’-এর জায়গায় ‘কী পারতেন’ লিখতে হয়!আন্তর্জাতিক ক্রিকেট তাঁকে শেষ দেখেছে ১১ মাস আগে। মাঝের সময়টাতেও অবশ্য নিয়মিতই খবরে এসেছেন। তবে সবই ক্রিকেট-বহির্ভূত কারণে। এসব ব্যাপারে ইদানীংকালের সংবাদমাধ্যমের বিপুল আগ্রহ। কিন্তু শোয়েবের ব্যাপারটাতে সবার একটু একঘেয়েমিই এসে গেছে। ‘ওহ্, আবার শোয়েব’—বলে সেসব খবরের বেশির ভাগই ক্রীড়া সম্পাদকেরা বাস্কেটে ফেলে দেন।তারকা হতে যা যা লাগে, সবই ছিল। বলে তুমুল গতি, চেহারা-ছবিতে ফুটে বেরোনো পৌরুষ, কথাবার্তায় ঔদ্ধত্য—ফর্মে থাকা শোয়েব আখতারকে দেখা একটা অভিজ্ঞতাই ছিল বটে! কিন্তু শোয়েব যে ক্রিকেটারের চেয়ে বেশি তারকাই হতে চাইলেন। তারই পরিণতি টেস্টে ১৭৮ আর ওয়ানডেতে ২২৩ উইকেটেই শোয়েবের গল্প শেষ হয়ে যাওয়ার আশঙ্কা।একসময় ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার কি না, এটা নিয়ে তর্ক হতো। বহুদিনই সেটি থামিয়ে দিয়ে অবিসংবাদিতভাবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্র। বল টেম্পারিং, ডোপিং, সতীর্থকে শারীরিক আক্রমণ, শৃঙ্খলাভঙ্গের কারণে ট্যুর থেকে দেশে ফেরত—বায়োডাটায় কী নেই!ওপরে যা লেখা হলো, সেসবও হিমবাহের শুধু ভেসে থাকা অংশ। এর বাইরেও তো কত কাহিনি! যার বেশির ভাগ ‘কৃতিত্ব’ই ক্রিকেট ইতিহাসে শোয়েব আখতার ছাড়া আর কারও নেই। কুইজের প্রশ্নের মতো করে বলি—কোন ক্রিকেটারের বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্ট মানহানির মামলা করেছেন?উত্তর: শোয়েব আখতার।কোন ক্রিকেটার যৌন স্বেচ্ছাচারিতার কারণে জটিল রোগে আক্রান্ত বলে অফিসিয়ালি জানিয়েছে কোনো ক্রিকেট বোর্ড?উত্তর: শোয়েব আখতার।কোন ক্রিকেটার মেদ কমাতে অস্ত্রোপচার করিয়ে বোর্ডের কোপানলে পড়েছেন?উত্তর: শোয়েব আখতার।এর বাইরে টুকিটাকি আরও কত কাণ্ডকীর্তি যে করেছেন, সেসব মনে রাখার মতো স্মরণশক্তি শোয়েব আখতারেরও থাকা অসম্ভব। অবস্থাটা এমনই, ক্রিকেট মাঠেও যে তাঁর কিছু কীর্তি আছে, সেসবই সবার ভুলে যাওয়ার দশা। পরপর দুই বলে দ্রাবিড় ও টেন্ডুলকারকে বোল্ড করে ইডেনকে শ্মশান বানিয়ে দেওয়া, গতির ঝড়ে কাঁপিয়ে দেওয়া ১৯৯৯ বিশ্বকাপ, কলম্বোতে তাঁর রিভার্স সুইংয়ে অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যাটিং লাইনআপের তাসের ঘর হয়ে যাওয়া—ওই তিন-চার বছর শোয়েবকে মনে মনে ভয় পেতেন না, এমন ব্যাটসম্যান বোধহয় একজনও ছিলেন না।মানে মানে সরে পড়ার পরামর্শ পেয়ে আসছেন অনেক দিন থেকেই। শোয়েব মানেননি। ‘ফুরিয়ে গেছেন’ বলে যাঁরা রায় দিয়ে দিয়েছেন, তাঁদের নাকি জবাব দেওয়ার আছে। মাঠে যত জোরে সম্ভব বোলিংয়ের চেষ্টার সঙ্গে মাঠের বাইরের উদ্দাম জীবনযাপনের ধকল ৩৪ বছরের শরীরে। ডেসটিনি এনসিএল টি-টোয়েন্টিই বোধহয় বাংলাদেশের দর্শকদের শোয়েব আখতারের বোলিং দেখার শেষ সুযোগ!