শোয়েবের আত্মজীবনী আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর জীবনের গল্পটা সিনেমা কিংবা উপন্যাসের মতো। রাওয়ালপিন্ডি থেকে উঠে এসেছিলেন আলো ঝলমলে আন্তর্জাতিক মঞ্চে। বল হাতে আগুন ঝরিয়েছেন। তাঁর সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে বুক কেঁপেছে অনেক আন্তর্জাতিক তারকা ব্যাটসম্যানের। একসময় গতির নেশায় বুঁদ হয়ে ছিলেন। ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে বল করা প্রথম বোলারও তিনি। কিন্তু এই যশখ্যাতির গণ্ডিতেই সব নিবদ্ধ থাকেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে বিতর্ক, ডোপ-কেলেঙ্কারির মতো ঘটনাও। জীবনের সেসব গল্পই এবার বলতে চলেছেন শোয়েব আখতার।গত বিশ্বকাপে অবসর নেওয়া পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলারের আত্মজীবনী আসছে বাজারে। গত পরশু শোয়েবের ৩৬তম জন্মদিনে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আগামী মাস থেকেই পাওয়া যাবে এই আত্মজীবনী। বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনী হারপারকলিন্স-এর ভারতীয় শাখা। শোয়েবের সঙ্গে মিলে যৌথভাবে বইটি লিখেছেন গবেষক, সাংবাদিক ও লেখক আনশু ডোগরা। বইটায় নাকি মনের সব কথা অকপটে খুলে বলেছেন শোয়েব। বলেছেন তাঁকে ঘিরে তৈরি হওয়া অনেক প্রসঙ্গ নিয়েও। এমনকি অজানা অনেক কাহিনিও নাকি শোনাতে চলেছেন তিনি। এ কারণেই বইটি ঘিরে তুমুল আগ্রহ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। ২০০৫ সালে অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ‘অপেশাদার আচরণ’ করায়। ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগমুহূর্তে ডোপ টেস্টে ধরা পড়েন। ২০০৭ সালে সতীর্থ মোহাম্মদ আসিফের সঙ্গে মারপিট করেন। পরের বছর সংবাদমাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়েন। পরে অবশ্য আদালতের দ্বারস্থ হয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। জাতীয় দলেও ফিরে আসেন একসময়। গত বিশ্বকাপের দলেও অনেককে চমকে দিয়ে জায়গা করে নেন। এসব ঘটনা তিনি নিজে কীভাবে দেখেছেন, সেসবই বলবেন শোয়েব।বই প্রকাশের পর অনেক বিতর্ক হবে এটা আঁচ করাই যায়। তবে বাজারে আসার আগেই একটা বিতর্ক হচ্ছে। পিসিবি জানিয়েছে, শোয়েব যে আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন, এটা তাঁদের জানা নেই। ওয়েবসাইট।